ব্যাংক কর্মকর্তাসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড
চট্টগ্রামে অগ্রণী ব্যাংক খাতুনগঞ্জ শাখার ৪ কোটি ৪৬ লাখ ৮৪ হাজার ৮৯৭ টাকা আত্মসাতের ঘটনায় ১৯৮৮ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর করা মামলায় ব্যাংক কর্মকর্তাসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় আরও একজনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমান এ রায় দেন। আত্মসাৎ করা টাকা দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের সম্পত্তি থেকে রাষ্ট্রের অনুকূলে জমা দিতে জেলা প্রশাসককে নির্দেশ দেন আদালত।
যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামিরা হলেন অগ্রণী ব্যাংকের হিসাবধারী স্বপন কুমার ঘোষ, ব্যাংকের সাবেক সিডি ইনচার্জ আবদুস শুক্কুর, লেজার কিপার তড়িৎ কান্তি সেন, সেকেন্ড অফিসার নির্মল মল্লিক ও হিসাবরক্ষক মাঈনুদ্দিন চৌধুরী। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাঁদের ১০ হাজার জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া কয়েকটি ধারায় তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত। সবগুলো ধারায় দেওয়া সাজা একসঙ্গে চলবে। এ পাঁচ আসামিদের সবাই জামিনে পলাতক রয়েছেন।
এ মামলার আরও এক আসামি ব্যাংকের সেকেন্ড অফিসার জয়তী প্রকাশ বড়ুয়াকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। অন্যান্য ধারায় তাঁকেও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ জরিমানা করেছেন আদালত। রায় ঘোষণার সময় জয়তী প্রকাশ বড়ুয়া আদালতে হাজির ছিলেন।
দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, অগ্রণী ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে ৪ কোটি ৪৬ লাখ ৮৪ হাজার ৮৯৭ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এই ঘটনায় দুদক কর্মকর্তা আবু আরিফ সিদ্দিকী বাদী হয়ে ১৯৮৮ সালের ৬ জুন নগরের কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। এজাহারে ১৯৮৫ সালের ২৩ ডিসেম্বর থেকে পরের বছরের ৮ জুলাই পর্যন্ত সময়ে টাকাগুলো আত্মসাতের অভিযোগ আনা হয়। তদন্ত শেষে ১৯৯৮ সালের ২৮ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করা হয়। ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।