ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কর্মচারীদের অবসর ভাতার ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের কর্মকর্তাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক নুরুল হুদা সদর থানায় এ মামলা করেন।
আসামিদের মধ্যে সোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া প্রধান শাখার সাবেক দুই ব্যবস্থাপক সিরাজুল হক ও ফজলুর রহমান, সাবেক কর্মকর্তা ও যুগ্ম জিম্মাদার মোতাহার হায়দার মোল্লা, আবদুল ওয়াদুদ, সাবেক কর্মকর্তা (ক্যাশ) মিজানুর রহমান, খলিলুর রহমানের নাম আছে। তাঁদের মধ্যে ফজলুর রহমান বর্তমানে ব্যাংকের ওই কার্যালয়ের পরিদর্শন ও নিরীক্ষা বিভাগ-১-এর সহকারী মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। আর সাবেক জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাদের মধ্যে সিদ্দিকুর রহমান, অনিল চন্দ্র দাস, অবিনাশ চন্দ্র মণ্ডল (বর্তমানে রাষ্ট্রপতির কার্যালয়ে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা), মালিক নেওয়াজ, শাহ মো. মঞ্জুর আহমেদ (বর্তমানে ডেপুটি ফাইন্যান্স কন্ট্রোলার এফসি, আর্মি পি-১), আবদুল হান্নান (বর্তমানে শরীয়তপুর জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা), আবু তাহেরের (বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা) নাম আছে।
এজাহারের বিবরণ অনুযায়ী, ২০০৬ সালের মার্চ থেকে ২০১১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত একাধিকবার ভুয়া অবসর ভাতা পরিশোধ হিসেবে ১৫ কোটি ৪৯ লাখ ২৫ টাকা এবং অবসর ভাতার বিলে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে টাকার অঙ্ক বাড়িয়ে ৫৭ লাখ ২ হাজার ৯৩৬ টাকাসহ মোট ১৬ কোটি ৬ লাখ ২ হাজার ৯৬২ টাকা আত্মসাৎ করা হয়েছে।
দুদকের সমন্বিত কুমিল্লা কার্যালয় সূত্রে জানা গেছে, অবসর ভাতার টাকা আত্মসাতের ঘটনায় সোনালী ব্যাংক কর্তৃপক্ষ ২০১৩ সালে ব্রাহ্মণবাড়িয়া মুখ্য বিচারিক হাকিম আদালতে তিনটি অভিযোগ দায়ের করে। পরে আদালত অনুসন্ধানের জন্য অভিযোগগুলো দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুমিল্লা অঞ্চলের কাছে পাঠান। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক রফিকুল ইসলাম ও উপসহকারী পরিচালক হুমায়ূন কবিরকে যৌথভাবে অভিযোগগুলো অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়। অনুসন্ধানের মাঝপথে সহকারী পরিচালক রফিকুল ইসমাম অন্যত্র বদলি হয়ে যান। পরে ২০১৪ সালে সহকারী পরিচালক নুরুল হুদা ও উপসহকারী পরিচালক আতাউল কবির পুনরায় অভিযোগের অনুসন্ধান শুরু করেন। অনুসন্ধানে তাঁরা অবসর ভাতার টাকা আত্মসাতের সত্যতা পান।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ বলেন, গত সোমবার দুদক মামলা করে। দুদকের কর্মকর্তারাই মামলার পরবর্তী তদন্ত করবেন।
দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক নুরুল হুদা প্রথম আলোকে বলেন, ব্রাহ্মণবাড়িয়ার একটি আদালতে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ তিনটি অভিযোগ দায়ের করে। আদালত অনুসন্ধানের জন্য অভিযোগগুলো দুদকের কাছে পাঠান। কমিশনের অনুমতি পাওয়ার পরই ব্রাহ্মণবাড়িয়ার সদর থানায় মামলা দায়ের করা হয়।