ব্যাংক কর্মচারী ছাত্রী ও ঢুলির লাশ উদ্ধার
বগুড়ার গাবতলী উপজেলায় অগ্রণী ব্যাংকের পোড়াদহ শাখার এমএলএসএস আবদুল্লাহ মণ্ডল (৫৫) ও মিলন কুমার দাস নামের এক ঢুলির লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে নন্দীগ্রাম উপজেলার পণ্ডিতপুকুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী তমা রানীর (১৩) লাশ উদ্ধার করেছে পুলিশ।
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক খান বলেন, উপজেলার চকসেকেন্দার গ্রামে নিজ বাড়িতে আবদুল্লাহ গত শনিবার রাতে খাওয়াদাওয়া শেষে দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়েন। তাঁর স্ত্রী বগুড়া শহরে ছেলের বাড়িতে ছিলেন। এ সময় বাড়িতে একা পেয়ে দুর্বৃত্তরা আবদুল্লাহকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। গতকাল রোববার সকালে খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আবদুল্লাহর ছেলে আবু হাসান বাদী হয়ে হত্যা মামলা করেছেন।
এদিকে গাবতলী থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান জানান, গতকাল সকালে মিলন কুমারের লাশ উদ্ধার করা হয়। তিনি পেশায় একজন ঢুলি এবং সুখান পুকুর চামুরপাড়া গ্রামের বাসিন্দা। গত বৃহস্পতিবার মাছ ধরার কথা বলে বাড়ি থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন।
নন্দীগ্রাম থানার ওসি শাহজাহান আলী বলেন, ঘটনাটি আত্মহত্যা বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।