কিশোরগঞ্জ সোনালী ব্যাংকের জেলা প্রধান শাখার ভল্ট থেকে ১৬ কোটি ৪০ লাখ টাকা চুরির ঘটনায় ওই ব্যাংকের সন্দেহভাজন এমএলএসএস আবু বাক্কার সিদ্দিকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম হামিদুল ইসলাম রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডের আবেদনে রাষ্ট্রপক্ষের আদালত উপপরিদর্শক সুনীল সরকার বলেন, সুড়ঙ্গ করে নজিরবিহীন দুঃসাহসিক টাকা লুটের ঘটনার মূল নায়ক ইউসুফ মুন্সি ওরফে সোহেল রানার সঙ্গে আবু বাক্কারের ঘনিষ্ঠ ও আন্তরিক সম্পর্ক ছিল। ব্যাংকে টাকা লুটের ঘটনায় আবু বাক্কারের সম্পৃক্ত থাকার সম্ভাবনা রয়েছে বলে তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়ে পড়েছে।
ঢাকায় গ্রেপ্তার ইউসুফের স্ত্রী মাহিমা বেগমকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় নিয়ে আসা হয়েছে। গতকাল তদন্ত দল তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে। তদন্তের স্বার্থে তাঁর ব্যাপারে পুলিশ কিছু জানাতে অপারগতা প্রকাশ করেছে।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আটারবাড়ি সড়কের তেলোয়ারী জামিয়া মাদ্রাসার কাছ থেকে ব্যাংক লুটের টাকা ঢাকায় বহনকারী ট্রাকটি গতকাল কিশোরগঞ্জের তেরিপট্টি থেকে আটক করেছে পুলিশ।
জিজ্ঞাসাবাদে ইউসুফ মুন্সি পুলিশকে বলেন, ট্রাকের সহকারী বস্তায় টাকা আছে বুঝে গেলে তাঁকে সাত লাখ টাকা দিতে হয়। এ বিষয়টিও খতিয়ে দেখছে।
তদন্তকারী কর্মকর্তা আবদুল মালেক জানান, ট্রাকটি আটক করা হয়েছে। গাড়ির মালিকের নাম সাইদুর রহমান। তাঁর বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তেলোয়ারী গ্রামে। চালক ছিলেন লালু মিয়া। ট্রাকের সহকারী আলমগীরের (২৫) বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার ছয়েকপুরে। চালক ও সহকারীকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জ নিয়ে আসা হয়েছে।
দীর্ঘ সুড়ঙ্গ খুঁড়ে কিশোরগঞ্জ সোনালী ব্যাংকের স্ট্রংরুমের ভল্টে ঢুকে ১৬ কোটি ৪০ লাখ টাকা লুট করে চোরের দল। শাখাটির নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ পাহারার মধ্যে এই অভিনব ও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। পরে র্যাব গত মঙ্গলবার ঢাকার শ্যামপুরের নিলয় ভবনের ছয়তলার একটি ফ্ল্যাট থেকে পাঁচ বস্তা টাকাসহ সোহেল রানা ও তাঁর সহযোগী ভাই ইদ্রিস মুন্সিকে গ্রেপ্তার করে।