ব্যাংক কর্মীদের বিনিয়োগ উদ্বুদ্ধ করেছিল সাধারণ মানুষকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক শুরু থেকেই এমএলএম কোম্পানি ইউনিপেটুইউতে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ বলে জনসাধারণকে সতর্ক করে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিল। অথচ কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা বিতর্কিত এই ব্যবসায় বিনিয়োগ করেন। তাঁদের দেখে চট্টগ্রামে অনেক সাধারণ গ্রাহক এতে বিনিয়োগে উৎসাহী হয়ে ওঠেন। জানা গেছে, বিতর্কিত এই এমএলএম কোম্পানিতে বিনিয়োগের ব্যাপারে কয়েকটি ব্যাংকের কর্তৃপক্ষ জড়িত কর্মকর্তাদের সতর্ক করেছিল। ব্র্যাক ব্যাংকে জড়িত কিছু কর্মকর্তাকে চিহ্নিত করে তাঁদের এ ব্যবসা থেকে সরে আসার নির্দেশ দিয়েছিল। ব্র্যাক ব্যাংকের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স জিসান কিংশুক হক বলেন, ‘আমাদের কিছু কর্মকর্তা ইউনিপেটুইউতে বিনিয়োগ করেছিলেন। এ ধরনের বিতর্কিত ব্যবসায় কর্মীরা জড়িত হলে ব্যাংকের সুনাম নষ্ট হয়। তাই তাঁদের সতর্ক করা হয়েছে।’ জানা গেছে, ব্র্যাক ব্যাংক ইউনিপেটুইউ সংশ্লিষ্ট লেনদেনের কারণে অন্তত ৪০টি সাধারণ হিসাব বন্ধ করে গ্রাহকদের টাকা ফেরত দিয়েছে। এ ছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) এমএলএম প্রতিষ্ঠানটির ১১০টি হিসাব জব্দ করেছিল। সাধারণ গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা ইউনিপেটুইউতে বিনিয়োগ করায় তাঁরাও এ বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন। অনেক ক্ষেত্রে তাঁরা গ্রাহকদের আগাম তারিখে চেক দিয়ে টাকা আদায় করেন। চট্টগ্রামে ব্র্যাক ব্যাংকের মুরাদপুর, ওআর নিজাম রোড ও সিটি ব্যাংকের প্রবর্তক শাখার কিছু কর্মকর্তা-কর্মচারী এতে বিনিয়োগ করেন। এ ছাড়া কৃষি ব্যাংক, আইডিএলসির কিছু কর্মকর্তাও এতে বিনিয়োগ করেন। ব্র্যাক ব্যাংকের মুরাদপুর শাখার ব্যবস্থাপক আবদুল্লাহ আল নোমান বলেন, ‘ইউনিপেটুইউতে সব পেশার মানুষ যুক্ত। এতে আমারও কিছু বিনিয়োগ ছিল। অবশ্য আমি টাকা তুলে ফেলেছি। আমার শাখার কেউ বিনিয়োগ করেছেন কি না জানি না। কেউ করে থাকলে সেটি তাঁর ব্যক্তিগত বিষয়।’ তবে তিনি স্বীকার করেন, ব্যাংক কর্মকর্তারা এ ধরনের প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে সাধারণ মানুষ উদ্বুদ্ধ হয়। তবে ব্যাংকের ওআর নিজাম রোড শাখার ব্যবস্থাপক মো. আরশাদ বলেন, ইউনিপেটুইউতে তাঁর কোনো বিনিয়োগ নেই। তাঁর শাখার কেউ করেছে কি না, তাও তিনি জানেন না। ইউনিপেটুইউ গ্রাহক ফোরামের চট্টগ্রামের আহ্বায়ক আবদুল হালিম বিনিয়োগ করেন কৃষি ব্যাংকের এক কর্মকর্তার মাধ্যমে। হালিম বলেন, ‘ওই কর্মকর্তার মাধ্যমে এই ব্যবসায় এসেছি। তাঁরও এতে বিনিয়োগ ছিল।’অনুসন্ধানে জানা গেছে, চট্টগ্রামে ইউনিপেটুইউর প্রথম হিসাব খোলা হয় সিটি ব্যাংকের প্রবর্তক শাখায়। এ সময় ওই ব্যাংকের অনেক কর্মী এতে বিনিয়োগে আগ্রহী হন। শাখা ব্যবস্থাপক রাশেদুল আলম বলেন, ‘অনেক ব্যাংকের ব্যবস্থাপক এতে বিনিয়োগ করেছেন। তাঁদের দেখে সাধারণ মানুষ উদ্বুদ্ধ হয়েছে। আমার শাখায় প্রতিষ্ঠানটির প্রথম হিসাব থাকায় আমাদের কিছু কর্মীও এতে বিনিয়োগ করেন।’ এমএলএম কোম্পানিটিতে আইডিএলসির চট্টগ্রামের টিম ম্যানেজার সত্যজিৎ ঘোষের আট লাখ টাকা বিনিয়োগ রয়েছে। সত্যজিৎ বলেন, ‘সরকার ও বাংলাদেশ ব্যাংকের কারণে ইউনিপেটুইউর গ্রাহকেরা এখন অনিশ্চয়তার মুখে পড়েছেন। আমি ও আমার অনেক বন্ধুবান্ধব এর সঙ্গে জড়িত।’বাংলাদেশ ব্যাংকের মুদ্রাপাচারবিরোধী বিভাগের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক দেবপ্রসাদ দেবনাথ বলেন, ‘ইউনিপেটুইউ নিয়ে দুদক তদন্ত করছে। এতে শুধু ব্যাংক কর্মী নয়, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বিনিয়োগ করেছে। এটি ব্যক্তিগত বিনিয়োগ বিধায় কাউকে বিরত রাখার কোনো আইন নেই। তবে ব্যাংকগুলো তাদের কর্মকর্তাদের এ ধরনের বিতর্কিত ব্যবসায় বিনিয়োগ থেকে বিরত থাকতে সতর্ক করতে পারে।’