ব্যাংক কোম্পানি আইনের সংশোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগসীমা মোট মূলধনের ২৫ শতাংশ নির্ধারণ করা হচ্ছে। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে অনুমোদন হওয়া ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর সংশোধনী প্রস্তাবে এ কথা বলা হয়েছে। এ আইন সংসদে পাস হলে আগামী তিন বছরের মধ্যে শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ মোট মূলধনের ২৫ শতাংশে নামিয়ে আনতে হবে। বর্তমান ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ অনুসারে শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগসীমা রয়েছে মোট দায়ের (আমানত ও মূলধন) ১০ শতাংশ। এ ছাড়া প্রস্তাবিত সংশোধনীতে কোনো ব্যাংকে একজন পরিচালক একনাগাড়ে দুই মেয়াদে সর্বোচ্চ ছয় বছর পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন। এরপর এক মেয়াদ বা তিন বছরের জন্য তিনি আর পরিচালক হতে পারবেন না। আবার প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, একটি পরিবার থেকে ব্যাংক কোম্পানিতে একজন সদস্যই পরিচালক হতে পারবেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর ওপর বাংলাদেশ ব্যাংকের কর্তৃত্ব ও ক্ষমতা বাড়িয়ে সংশোধনীতে এসব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা বা ব্যবস্থাপনা পরিচালককে অপসারণের ক্ষমতা দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের হাতে। তবে সনাতনভাবে পরিচালিত বাণিজ্যিক ব্যাংকগুলোতে ইসলামি ব্যাংকিং উইং (ইসলামি ব্যাংকিং) রহিত করার প্রস্তাবটি মন্ত্রিপরিষদ নাকচ করে দিয়েছে। ফলে প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামি ব্যাংকিংব্যবস্থাও চালু থাকবে। ব্যাংকে মোট পরিচালকের সংখ্যার ক্ষেত্রে বর্তমান সরকারের আমলে লাইসেন্স দেওয়া ব্যাংকগুলোতে পরিচালকের সংখ্যা ২০ ও পুরোনো ব্যাংকে ১৫ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। মন্ত্রিসভা এ ক্ষেত্রে একক প্রস্তাব আনার সিদ্ধান্ত দিয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে ব্যাংক খাত তদারকিতে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা আরও বাড়িয়ে এবং ‘ব্যাংক’ শব্দটি ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপের বিধান করা হয়েছে। ব্যাংক কোম্পানি আইনে সমবায় আইনের সংশোধনীর বিষয়ও আনা হয়েছে। সমবায়ের নামে কেউ যেন তাদের প্রতিষ্ঠানের নামের শেষে ‘ব্যাংক’ শব্দটি ব্যবহার করতে না পারে, তার একটা ব্যবস্থা রাখা হয়েছে। এই আইন অপব্যবহার করে কেউ ‘ব্যাংক’ শব্দের ব্যবহার করলে জরিমানার বিধান রাখা হয়েছে। সংশোধিত আইনটি হবে ‘ব্যাংক কোম্পানি আইন (সংশোধন) ২০১৩’। সংশোধিত আইনে অবৈধ ব্যাংকিং প্রতিরোধ, ঋণখেলাপির সংজ্ঞা সুনির্দিষ্ট করা ও বিভিন্ন খাতে অনিয়মের বিরুদ্ধে জরিমানার পরিমাণও বাড়ানো হয়েছে।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, ১৯৯১ সালে ব্যাংক কোম্পানি আইন করা হয়েছিল। ২০০৩ সালে বড় ধরনের পরিবর্তন আনা হয়। এরপর ১০ বছর পার হয়েছে। এসব প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে আইনটি সংশোধন করা হয়েছে। সচিব বলেন, আইন মন্ত্রণালয়ের যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত অনুমোদনের জন্য এই খসড়া আবারও মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পাওয়ার শর্ত হিসেবে এবং ব্যাংক খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার আইনটি সংশোধনের উদ্যোগ নিয়েছে।