ব্যাংক-কোম্পানি (সংশোধন) বিল নিয়ে স্থায়ী কমিটির প্রতিবেদন সংসদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ব্যাংক-কোম্পানি (সংশোধন) বিল, ২০১৭’ নিয়ে জাতীয় সংসদে প্রতিবেদন উপস্থাপন করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিলে বেসরকারি ব্যাংকে একই পরিবার থেকে পরিচালক পদে দুজনের পরিবর্তে চারজন এবং তাঁদের মেয়াদ টানা নয় বছর করার প্রস্তাব করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুর রাজ্জাক আজ বুধবার কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপন করেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে বিলটি উত্থাপন করেছিলেন গত ১২ সেপ্টেম্বর। সেদিন এর বিরোধিতা করে জাতীয় পার্টির সাংসদ ফখরুল ইমাম নাম উল্লেখ না করে বলেছিলেন, ‘একজন ব্যক্তির স্বার্থে আইন হতে পারে না। একই পরিবারের দুজন থেকে চারজন করে পরিচালক হলে ব্যাংক খাতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। পারিবারিক ব্যাংকিং শুরু হয়ে যাবে দেশে এবং সব লুটপাট হয়ে যাবে।’

বিরোধিতা নাকচ করে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে সংসদীয় কমিটিকে একটি প্রতিবেদন দিতে বলা হয়। সংসদীয় কমিটি গতকাল এবং তার আগে ২৯ অক্টোবর বিলের ওপর আলোচনা করে। আগের বৈঠকে এক পরিবারের চারজন পরিচালক এবং তাঁদের টানা নয় বছর মেয়াদের বিরোধিতা করলেও গতকাল কমিটির সবাই ব্যাংকের মালিকদের পক্ষেই অবস্থান নেন। সরকারের সিদ্ধান্তই মেনে নেয় কমিটি।

বর্তমানে এক পরিবার থেকে সর্বোচ্চ দুজন একটি ব্যাংকের পরিচালক হতে পারেন। তিন বছর করে দুই মেয়াদে ছয় বছর পরিচালক থাকার পর তিন বছর বিরতি দিয়ে আবারও পরিচালক হওয়ার সুযোগ রয়েছে তাঁদের।

বেসরকারি ব্যাংকের মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) দাবি ও তোড়জোড়ের মুখেই সরকার গত বছর ব্যাংক-কোম্পানি আইন সংশোধনে হাত দেয়। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মতামত চাইলে বাংলাদেশ ব্যাংক তখন জানিয়ে দিয়েছিল, একই পরিবার থেকে দুজনের বেশি পরিচালক করা হলে একটি ব্যাংক একই পরিবারের মধ্যে কুক্ষিগত হয়ে পড়ার শঙ্কা রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের মতামত আমলে না নিয়েই চলতি বছরের ৮ মে মন্ত্রিসভার বৈঠকে ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন, ২০১৭-এর খসড়া অনুমোদন পায়। এরপর ব্যাংক খাতের অভিজ্ঞ ব্যক্তিরাও সমালোচনা করে আসছেন। অনেকে মনে করেন, প্রভাবশালী কয়েকজন ব্যবসায়ীকে সুযোগ দিতেই ব্যাংক কোম্পানি আইন সংশোধন করা হচ্ছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, কোনো পরিবারের কেউ পৃথকভাবে ব্যবসা করলে এবং নিজেই করদাতা হলে তাঁকে পরিবারের ওপর নির্ভরশীল বলা যায় না। বর্তমান বিধানে একক পরিবার থেকে পরিচালক পদে নিয়োগযোগ্য সদস্যসংখ্যা দুজনে সীমিত। একক পরিবার থেকে দুজনের স্থলে চারজনকে সুযোগ দেওয়া হলে এ সমস্যা অনেকাংশে দূর হবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ পাস হওয়ার পর থেকে বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালকদের মেয়াদ-সম্পর্কিত ধারাটি পাঁচবার সংশোধন করা হয়েছে। সর্বশেষ সংশোধন করা হয় ২০১৩ সালে।