ব্যাংক গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে দুই ব্যক্তিআটক
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী ইসলামী ব্যাংকের এক গ্রাহকের কাছ থেকে প্রতারণা করে ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লার লাকসামের আজগরা গ্রামের মো. মোস্তফার ছেলে আমির হোসেন ও আবদুস সাত্তারের ছেলে জমির হোসেন।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক শহীদুল্লাহ মজুমদার বলেন, সোনাইমুড়ী উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের হাফেজ মো. ইয়াহইয়া নামের এক বৃদ্ধ গত ৩০ মে গোপন নম্বরের মাধ্যমে সৌদি আরব থেকে পাঠানো ৫০ হাজার টাকা তুলতে ব্যাংকে আসেন। এ সময় আমির হোসেন ও জমির হোসেন নিজেদের বৃদ্ধের নাতি পরিচয় দিয়ে সহযোগিতা করার কথা বলে টাকা উত্তোলনের পর সবগুলো টাকা হাতিয়ে নেন। ঘটনার পরই ওই বৃদ্ধ ব্যাংকে এসে তাঁদের ঘটনাটি অবহিত করেন। এরপর তাঁরা ব্যাংকের সিসি ক্যামেরায় বৃদ্ধের সঙ্গে আসা দুই ব্যক্তিকে শনাক্ত করেন এবং ওই দুই ব্যক্তির ছবি দেখিয়ে ভবিষ্যতের জন্য কর্মকর্তাদের সতর্ক থাকতে বলেন। ব্যবস্থাপক আরও জানান, গতকাল সকালে ওই দুই প্রতারক পুনরায় ব্যাংকে এলে দারোয়ান ও অন্য কর্মকর্তাদের সন্দেহ হয়। তাঁরা তাৎক্ষণিক তাঁকে (ব্যবস্থাপক) ঘটনাটি জানালে তিনি দারোয়ানকে ওই দুই ব্যক্তিকে আটক করার নির্দেশ দেন। ব্যাংকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ৩০ মে তারিখে প্রতারণার কথা স্বীকার করেছে। পরে তাঁদের বেগমগঞ্জ মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।