ব্যাংক জালিয়াতিতে জড়িত মন্ত্রী ও উপদেষ্টাদের অপসারণ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহার এবং ব্যাংক জালিয়াতির সঙ্গে জড়িত মন্ত্রী ও উপদেষ্টাদের অবিলম্বে অপসারণ দাবি করেছেন গণতান্ত্রিক বাম মোর্চার নেতারা। গতকাল মঙ্গলবার মোর্চার তোপখানা রোডের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি করেন। বাম নেতারা অভিযোগ করেন, সরকার এখন জনগণের ন্যূনতম জানমালের নিরাপত্তা দিতে পারছে না। কক্সবাজারের রামুতে বৌদ্ধ ধর্মাবলম্বী ও তাদের মন্দিরে পরিকল্পিত সাম্প্রদায়িক হামলা এর সাম্প্রতিক দৃষ্টান্ত।সংবাদ সম্মেলনে মোর্চার নেতারা ২০ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভসহ দেড় মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে আছে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আজ বুধবার মানববন্ধন ও বিক্ষোভ, রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ৫ অক্টোবর সমাবেশ ও মিছিল এবং ৯ অক্টোবর ঢাকার থানাগুলোতে পদযাত্রা, অক্টোবর ও নভেম্বর মাসে দেশের পাঁচটি বিভাগীয় সদরে সমাবেশ এবং ১৮ নভেম্বর জেলা প্রশাসন অভিমুখে বিক্ষোভ। বিজ্ঞপ্তি।