ব্যাংক থেকে অবৈধভাবে টাকা তোলার অভিযোগ
বগুড়ার ধুনট উপজেলার রাঙ্গামাটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনালী ব্যাংক, ধুনট শাখা থেকে অবৈধভাবে বেতন-ভাতা হিসেবে লক্ষাধিক টাকা তুলে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও আজীবন সদস্য আবুল হোসেন গতকাল রোববার ব্যাংকের শাখা ব্যবস্থাপকের কাছে এই অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি পদে নির্বাচন নিয়ে দুই পক্ষের বিরোধ হয়। এই অবস্থায় প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান সভাপতি পদে এম এ তারেক হেলাল ও মাহফুজার রহমানের নাম অনুমোদনের জন্য ৯ সেপ্টেম্বর রাজশাহী শিক্ষা বোর্ডে পাঠান। অনিয়মতান্ত্রিকভাবে দুজনের নাম পাঠানোর প্রতিবাদে মাহফুজার রহমান ২৪ সেপ্টেম্বর বোর্ড কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বোর্ড কর্তৃপক্ষ (বিদ্যালয় পরিদর্শক) বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ১ অক্টোবর জেলা শিক্ষা কর্মকর্তাকে চিঠি দেয়। বর্তমানে তদন্তকাজ চলছে। এই অবস্থায় প্রধান শিক্ষক কৌশলে তারেক হেলালকে দিয়ে সভাপতির স্বাক্ষর করিয়ে ১৩ জন শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতার বিল ব্যাংকে জমা দেন। সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা বিল যাচাই-বাছাই না করেই গত বুধবার সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা বাবদ প্রধান শিক্ষককে এক লাখ সাত হাজার ১০০ টাকা দিয়ে দেন। অভিযুক্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর বলেন, ‘এ সময় বেতন-ভাতা না পেলে শিক্ষকেরা মানবেতরভাবে ঈদ করতেন। তাই কিছুটা কৌশল করে হলেও তাঁদের বেতন-ভাতার ব্যবস্থা করেছি।’ উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন বলেন, ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদ নিয়ে অভিযোগের তদন্ত চলছে। এই অবস্থায় সভাপতির স্বাক্ষরে বেতন-ভাতা তোলাটা অবৈধ।সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক উৎপল কুমার দাস বলেন, ‘বিষয়টি আমি জানতাম না। এ জন্য বেতন-ভাতা দিয়ে দেওয়া হয়েছে। তবে গতকাল একটি লিখিত অভিযোগ পেয়েছি। এরপর বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আর বেতন-ভাতা দেওয়া হবে না।’