ব্যাংক ধাতব মুদ্রা নিক, দাবি ব্যবসায়ীদের
ব্যাংক যাতে ধাতব মুদ্রা (কয়েন) গ্রহণ করে, এ দাবিতে আজ সোমবার দুপুরে যশোরে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। শহরে প্রেসক্লাবের সামনে যশোর জেলা বেকারি মালিক সমিতির উদ্যোগে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বেকারি শিল্পের মালিক ও শ্রমিকেরা অংশ নেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘খুলনা বিভাগের বেকারি মালিকদের কাছে অন্তত তিন কোটি ধাতব মুদ্রা রয়েছে। এ অঞ্চলের সরকারি, বেসরকারি—কোনো ব্যাংকেই এ মুদ্রা গ্রহণ করা হয় না। এমনকি পাইকারি ব্যবসায়ীরাও নিচ্ছেন না। যে কারণে ধাতব মুদ্রা লেনদেনে চরম সমস্যা হচ্ছে। এতে মালিক-শ্রমিক মিলে অন্তত ১২ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’ কোনো ধরনের বিড়ম্বনা ছাড়াই ব্যাংকে ধাতব মুদ্রা জমা নিতে ব্যবস্থা গ্রহণে তাঁরা সরকারের প্রতি আহ্বান জানান।
ব্যাংকগুলো কয়েন নিতে চাইছে না—যশোরের ব্যবসায়ীরা অনেক দিন ধরেই এমন অভিযোগ করছেন। এ অভিযোগ খতিয়ে দেখতে গত ২ নভেম্বর এক ব্যবসায়ীর সঙ্গে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট একটি ব্যাংকে যান। ওই ব্যবসায়ী ১০ হাজার টাকার ধাতব মুদ্রা ব্যাংকে জমা দিতে চাইলে কর্মকর্তারা তা নিতে অস্বীকৃতি জানান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁর পরিচয় দিলে ব্যাংকের কর্মকর্তারা ধাতব মুদ্রাগুলো নেন। এ ঘটনায় ওই ব্যাংকের ব্যবস্থাপকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকে একটি সুপারিশ পাঠানো হয়েছে।