ব্যাংক না থাকায় ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশ থেকে নিয়মিত টাকা পাঠাচ্ছেন এলাকার প্রায় ৭০০ প্রবাসী। এলাকায় রয়েছে ২১টি শিক্ষাপ্রতিষ্ঠান, যার শিক্ষকেরা বেতন ওঠান ব্যাংক থেকে। প্রায় অর্ধশত বছরের বাজারে রয়েছে তিন শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ কার্যালয়। কেবল নেই কোনো ব্যাংক। ফলে কষ্টের শেষ নেই ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তত্তিপুর বাজারের আশপাশের ২০টি গ্রামের বাসিন্দাদের।
স্থানীয় ব্যক্তিরা বলছেন, কালীগঞ্জ উপজেলার বৃহৎ বাজারগুলোর একটি তত্তিপুর। এখানে কোনো ব্যাংকের শাখা না থাকায় ওই ২০ গ্রামের বাসিন্দাসহ সবাইকে আর্থিক লেনদেন করতে হয় ৮ কিলোমিটার দূরের চাপরাইল বা ১৫ কিলোমিটার দূরের খাজুরা বাজারের ব্যাংকে গিয়ে।
স্থানীয় মালিয়াট ইউনিয়নের মাগুরা গ্রামের বাসিন্দা নূর আলী বলেন, ১৯৭৩ সালে তত্তিপুর বাজার প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এখানে স্থায়ী দোকানই আছে দুই শতাধিক। বাজারে এখন বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে রয়েছে পুলিশ ফাঁড়ি, চালকল, রড-সিমেন্টের দোকান ও বেকারি।
স্থানীয় মালিয়াট ইউনিয়নে বিদ্যালয় ও কলেজ মিলে শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ২১টি। তত্তিপুর বাজারে মালিয়াট, তত্তিপুর, দিঘেরপাড়া, বারফা, পরানপুর, আন্দলপোতা, দলেননগর, কাস্টসাগরাসহ আশপাশের ২০টি গ্রামের মানুষ কেনাবেচা করে। দূরদূরান্ত থেকে ব্যাপারীরা এ বাজারে আসেন। বাজারে ব্যাংক না থাকায় সবাইকে ঝুঁকি নিয়ে টাকা বহন করতে হয়।
এলাকাবাসী বলছেন, ওই ২০ গ্রামের প্রায় ৭০০ মানুষ বিভিন্ন দেশে থাকেন। তাঁদের পাঠানো টাকা তুলতে পরিবারের সদস্যদের যেতে হয় চাপরাইল অথবা খাজুরা বাজারে।
মালিয়াট ইউপির চেয়ারম্যান একরামুল হক বলেন, তত্তিপুর বাজারে ব্যাংকের শাখা খোলা খুবই জরুরি। এলাকার ব্যবসা-বাণিজ্যের প্রসার ও সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তার জন্য তিনি দীর্ঘদিন ধরে এ বিষয়ে চেষ্টা করে আসছেন। কিন্তু আজও সফল হননি।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাদেকুর রহমান বলেন, ওই এলাকায় যাতে ব্যাংকের শাখা খোলা হয়, তিনি চেষ্টা করবেন। এ জন্য সংশ্লিষ্ট দপ্তরে কথা বলবেন।