ব্যাংক বন্ধ থাকায় ধরমপাশায় প্রার্থীদের দুর্ভোগ
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় সোনালী ব্যাংকের শাখায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদের অর্ধশতাধিক প্রার্থী গতকাল তাঁদের ট্রেজারি চালান জমা দিতে পারেননি।
উপজেলার প্রত্যন্ত এলাকার বিভিন্ন গ্রাম থেকে আসা এসব প্রার্থী গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যাংকের সামনে অপেক্ষা করলেও এটি তালাবদ্ধ ছিল।
সেলবরষ ইউনিয়নের কাকিয়াম গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ফিরোজা বেগম, মোদাহরপুর গ্রামের সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী সালেহ আক্তার বলেন, তাঁরা উপজেলা নির্বাচন কার্যালয় থেকে জানতে পেরেছেন সরকারি ছুটির দিনেও সোনালী ব্যাংক খোলা থাকবে। কিন্তু এখানে এসে শুধু তাঁরাই নন, অর্ধশতাধিক প্রার্থী অপেক্ষা করলেও ব্যাংক খোলা হয়নি। সোনালী ব্যাংক ধরমপাশা শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মো. ফজলুল হক বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে সরকারি ছুটির দিনে ব্যাংক খোলা রাখার কোনো নির্দেশনা না পাওয়ায় শনিবার ব্যাংক বন্ধ ছিল।