ব্যাংক ব্যবস্থাপককে আ.লীগ নেতার মারধর!
সাবেক সাংসদের সুপারিশ করা তালিকা অনুযায়ী কৃষিঋণ না দেওয়ায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আওয়ামী লীগের এক নেতা সোনালী ব্যাংকের স্থানীয় শাখার ব্যবস্থাপককে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার উপজেলা শহরের তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।এ ব্যাপারে রোববার গভীর রাতে ব্যাংক ব্যবস্থাপক জিল্লুর রহমান বাদী হয়ে পীরগঞ্জ পৌর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেনসহ দুজনের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা করেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পীরগঞ্জ পৌর শহরের বথপালিগাঁও গ্রামের আরিফুর রহমানের ছেলে আবুল ফজল ২২ আগস্ট ব্যাংকে এসে ১০ ব্যক্তির তালিকা তাঁর হাতে দিয়ে তাঁদের কৃষিঋণ দেওয়ার কথা বলে চলে যান। যথারীতি কাগজ যাচাই-বাছাই করে ওই তালিকার একজনকে ঋণ দেওয়া হয় এবং অপর দুজনকে ২৬ আগস্ট ঋণ দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়।এজাহারে আরও উল্লেখ করা হয়, গত রোববার বেলা পৌনে দুইটার দিকে ব্যাংকের কাছের একটি মসজিদ থেকে নামাজ পড়ে কার্যালয়ে ফিরছিলেন জিল্লুর রহমান। তিনি তেঁতুলতলা এলাকায় পৌঁছলে আবুল ফজল, আনোয়ার হোসেনসহ ছয়-সাতজন মোটরসাইকেলে করে সেখানে এসে তালিকা অনুযায়ী কৃষিঋণ না দেওয়ায় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন। পরে তাঁরা তাঁকে মোটরসাইকেলে করে কিছুদূর নিয়ে নামিয়ে দেন। যাওয়ার সময় ঋণ দেওয়া না হলে তাঁকে দেখে নেওয়া হবে বলে হুমকি দিয়ে চলে যান।মামলার এজাহারের সঙ্গে গেঁথে দেওয়া ১০ জনের নামের তালিকার কাগজে ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ ইমদাদুল হক কর্তৃক ‘লোন প্রদানের জন্য সুপারিশ করা হইল’ মর্মে স্বাক্ষর ও সিল রয়েছে।ব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, ‘মোটরসাইকেলে তুলে নেওয়ার আগে আওয়ামী লীগের ওই নেতা এবং আরও কয়েকজন আমাকে কিল-ঘুষি মারতে থাকেন এবং কিছু বলার সুযোগ না দিয়েই ওরা ধাক্কাধাক্কি করে মোটরসাইকেলে তুলে ইমদাদুল হকের গদিঘরে নিয়ে যান।’সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ইমদাদুল হক বলেন, ‘ব্যাংকঋণের জন্য আমার কাছে সব সময় লোক আসে। আমি সুপারিশ করতেই পারি। রাজনীতির কারণে আমাদের প্রধানমন্ত্রীর কাছেও সুপারিশ করতে হয়। ঋণ পাওয়ার জন্য লোকেরা আমার কাছে ভিড় করে। গত রোববার আমি ব্যাংকঋণের খোঁজখবর নেওয়ার জন্য কয়েকজনকে পাঠিয়েছিলাম। তারা ম্যানেজারকে আমার কাছে নিয়ে আসবে, এটা আমার জানা ছিল না। আমি এ জন্য তাদের ধমক দিয়েছি এবং ম্যানেজারকে সমঞ্চানের সঙ্গে ব্যাংকে পৌঁছে দিয়েছি। ম্যানেজারকে ওরা লাঞ্ছিত করেছে, এ কথাও আমি পরে জানতে পারি।’ পীরগঞ্জ পৌর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ব্যবস্থাপককে মারধর করার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ঋণ বিতরণে অনিয়মের বিষয়ে জিল্লুর রহমানের কাছে জানতে চাওয়া হয়েছিল। এ বিষয়ে সাবেক সাংসদের সঙ্গে কথা বলার জন্য তাঁকে মোটরসাইকেলে তোলা হয়।