ব্যাংক ব্যবস্থাপকের ১৭ বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ আত্মসাতের দায়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর জনতা ব্যাংক শাখার ব্যবস্থাপক হিমাংশু রঞ্জন সাহাকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে কুমিল্লার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. আবুল হোসেন ব্যাপারী ওই রায় দেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ১৯৮৮ সালের ১০ জুলাই বাঞ্ছারামপুর এলাকার মোকাদ্দেস মিয়া জনতা ব্যাংকে একটি সঞ্চয়ী হিসাব (নম্বর-৪৭০২) খোলেন। তখন হিমাংশু রঞ্জন সাহা ওই ব্যাংকের দ্বিতীয় কর্মকর্তা ছিলেন। পরে মোকাদ্দেস মিয়া জাপান চলে যান। ১২ বছর যাবৎ তিনি ওই হিসাব নম্বরে টিটি (টেলিগ্রাফিক ট্রান্সফার), ডিডি (ডিমান্ড ড্রাফট) ও এমটি (মেইল ট্রান্সফার) করে ৩৬ হাজার ৩৫০ ডলার পাঠান। তৎকালীন ব্যবস্থাপক হিমাংশু রঞ্জন সাহা ব্যাংকের আরও দুই সহযোগিকে নিয়ে এক ব্যক্তিকে মোকাদ্দেস বানিয়ে ওই হিসাব থেকে ১৮ লাখ ৪০ হাজার টাকা টাকা উত্তোলন করেন। ওই ঘটনায় ২০০০ সালের ৫ মে প্রকৃত মোকাদ্দেসের আত্মীয় মো. শহিদুর রহমান বাঞ্ছারামপুর থানায় মামলা করেন।
হিমাংশু রঞ্জন সাহা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মাঝিয়ারা গ্রামের প্রয়াত সুখেন্দ্র চন্দ্র সাহার ছেলে। হিমাংশু বর্তমানে পলাতক রয়েছেন। অপর দুই আসামির মধ্যে হারুনুর রশিদ মারা গেছেন। আক্তার হোসেনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।