ব্যাংক ম্যানেজারের সততা
নগদ দুই লাখ টাকা পেয়েও ফেরত দিয়ে সততার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন নোয়াখালীর চাটখিল উপজেলার জনতা ব্যাংক চাটখিল শাখার ম্যানেজার মোজাম্মেল হক চৌধুরী। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সন্ধ্যায় চাটখিল পৌর শহরে। জানা যায়, সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লক্ষ্মীধরপাড়া গ্রামের মৎস্যখামারি মো. ইউসুফ (২৮) চাটখিল শাখায় একটি ব্যাংক হিসাব খুলতে আসেন। এ সময় একটি কাগজের প্যাকেটে এক হাজার টাকার নোটের দুটি বান্ডিলে দুই লাখ টাকা ভুলবশত ব্যাংক ম্যানেজারের টেবিলে রেখে চলে যান। বাড়ি ফিরে খোঁজাখুঁজি করে কোথাও টাকা না পেয়ে তিনি মোজাম্মেল হক চৌধুরীকে ফোনে বিষয়টি জানান। মোজাম্মেল হক তাঁকে ব্যাংকে আসতে বলেন। ইউসুফ ব্যাংকে এলে ম্যানেজার টাকার প্যাকেটটি তাঁর হাতে তুলে দেন। ব্যাংক ম্যানেজার মোজাম্মেল হক চৌধুরী বলেন, টাকাগুলো প্রকৃত মালিকের হাতে তুলে দিতে পেরে তিনি আনন্দিত।