ব্যাংক হিসাব খুলতে ডেসটিনির আবেদন, এনবিআরের না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক হিসাব খুলে দেওয়ার আবেদন নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) গেছেন ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন। তবে এনবিআর এতে সাড়া দেয়নি।গতকাল বুধবার দুপুর ১২টার পর ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা এনবিআর সদস্য (নিরীক্ষা, পরিদর্শন ও তদন্ত) মোহাম্মদ আলাউদ্দিনের সঙ্গে সাক্ষাৎকরেন।বৈঠক সূত্রে জানা গেছে, ডেসটিনি গ্রুপের পক্ষ থেকে ব্যাংক হিসাব খুলে দেওয়ার অনুরোধ করা হয়। এনবিআর সেই অনুরোধে সাড়া দেয়নি, বরং তাদের প্রাথমিক তদন্তে বেরিয়ে আসা ডেসটিনি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান ও পরিচালকদের আয়-ব্যয়ের গরমিল সম্পর্কে জানানো হয়।গতকাল রাতে যোগাযোগ করা হলে এনবিআরের সদস্য মোহাম্মদ আলাউদ্দিন প্রথম আলোকে জানান, সরকারের পাওনা টাকা না দিলে ডেসটিনির বিরুদ্ধে আরও ‘হার্ডলাইনে’ যাবে এনবিআর। ইতিমধ্যে রাজস্ব ফাঁকির প্রাথমিক প্রমাণের পরিপ্রেক্ষিতে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচ পরিচালকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এর আগে আরও ছয় পরিচালকের ব্যাংক হিসাব তল্লাশি করা হয়েছে। এ ছাড়া ডেসটিনি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের আয়কর নথি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।প্রসঙ্গত, গত মাসে ডেসটিনি গ্রুপের প্রতিষ্ঠান ও শীর্ষ ব্যক্তিদের রাজস্বসংক্রান্ত অনিয়ম তদন্ত করার জন্য বিশেষ কমিটি গঠন করেছে এনবিআর।