টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানা ও এর মালিকের ব্যাংক হিসাব তিন মাসের জন্য জব্দ করতে কেন্দ্রীয় ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে শ্রমিকদের বেতন পরিশোধ, ক্ষতিপূরণ প্রদান ও কারখানা মেরামতের জন্য ব্যাংক হিসাব থেকে অর্থ তোলা যাবে। এর মধ্যে কোন খাতে কী পরিমাণ ব্যয় হয়েছে, তা জানিয়ে মালিক কর্তৃপক্ষকে প্রতি মাসে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
রুলে দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। শ্রম ও কর্মসংস্থানসচিব, স্বরাষ্ট্রসচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পুলিশের মহাপরিদর্শক, প্রধান কারখানা পরিদর্শক, টাম্পাকোর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
১০ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরী এলাকার টাম্পাকো কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় ৩৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আর বিস্ফোরণে হতাহতের ঘটনায় কারখানার মালিক সৈয়দ মকবুল হোসেনের বিরুদ্ধে ইতিমধ্যে দুটি মামলা হয়েছে। ওই দুর্ঘটনা এড়াতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহেলা, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতা চ্যালেঞ্জ করে ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), আইন ও সালিশ কেন্দ্র ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) হাইকোর্টে একটি রিট আবেদন করে।
২১ সেপ্টেম্বর আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট গতকাল আদেশের দিন রাখেন। এদিন সম্পূরক তথ্য হিসেবে ‘টাম্পাকো ছিল মৃত্যুকূপ’ শিরোনামে গত রোববার প্রথম আলোয় ছাপা প্রতিবেদন দাখিল করে রিট আবেদনকারীপক্ষ। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শরীফ ভূঁইয়া। সঙ্গে ছিলেন আইনজীবী সারা হোসেন ও তানিম হোসেইন। মালিকপক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার।
গতকালের শুনানি: শুনানিতে আইনজীবী শরীফ ভূঁইয়া বলেন, কারখানা ও এর মালিকের ব্যাংক হিসাব জব্দের জন্য অন্তর্বর্তীকালীন নির্দেশনা চাওয়া হয়েছে। আগের (রানা প্লাজা ধসের মামলা) এক আদেশে বলা হয়েছিল, শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য অর্থ তোলা যাবে। ব্যাংক হিসাব জব্দ না হলে অর্থ অন্যত্র চলে যেতে পারে। কেননা তাঁরা প্রভাবশালী লোক। এরপর ‘টাম্পাকো ছিল মৃত্যুকূপ’ শিরোনামের প্রতিবেদনটি তুলে ধরেন শরীফ ভূঁইয়া।
এই পর্যায়ে মালিকপক্ষের কৌঁসুলি বাসেত মজুমদার বলেন, এটি একটি দুর্ঘটনা। গ্যাস কর্তৃপক্ষের অবহেলায় দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করে তিনি বলেন, মালিকপক্ষ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য এর মধ্যে ক্ষতিপূরণ হিসেবে অর্থ জমা দিয়েছে।
এ সময় রুল দেওয়ার আরজি জানিয়ে শরীফ ভূঁইয়া বলেন, শ্রম আইনে ক্ষতিপূরণের পরিমাণ পর্যাপ্ত নয়। পত্রিকাটির প্রতিবেদনে এসেছে, আন্তর্জাতিক মানসম্মত ও সম্পূর্ণ কমপ্লায়েন্স প্রতিষ্ঠান দাবি করা হলেও টাম্পাকো ভবনে যথাযথ সিঁড়ি ছিল না।...তারা শ্রমিকদের নিয়োগপত্রও দেয়নি। এসব কারণে রুল হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত হবে। একপর্যায়ে বাসেত মজুমদার বলেন, এগুলো চলছে। তখন শরীফ ভূঁইয়া বলেন, ভবনের ভেতরে সিঁড়ি ছিল না, দুটি লিফটের অবস্থান বাইরে, এটি শ্রম আইনের লঙ্ঘন। পরে আদালত আদেশ দেন।