ব্যাংক হিসাব থেকে জাল চেকে টাকা উত্তোলন, মামলা দায়ের
ডাচ্-বাংলা ব্যাংকের সিলেট শাখায় অভিনব এক প্রতারণার ঘটনা ঘটেছে। মাহমুদ হাসান নামের একজন বালু-পাথর ব্যবসায়ীর সদ্য খোলা ব্যাংক হিসাব থেকে জাল চেকের মাধ্যমে প্রায় দুই লাখ টাকা উত্তোলন করে নিয়ে গেছে একটি প্রতারক চক্র।প্রতারণার শিকার ওই ব্যবসায়ী ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সহায়তা না পেয়ে সিলেট কোতোয়ালি থানায় গত রোববার রাতে একটি মামলা করেছেন। মামলার বরাত দিয়ে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরেও ঘটনার পূর্ণ বিবরণ দিয়ে একটি লিখিত অভিযোগ গতকাল সোমবার পাঠানো হয়েছে।ব্যবসায়ী মাহমুদ হাসান জানান, ডাচ্-বাংলা ব্যাংকের সিলেট শাখায় কর্মরত মো. তোহা সরদার নামের এক ব্যক্তির মাধ্যমে তিনি ব্যাংকে হিসাব খোলেন। চলতি বছরের ২৬ জুন ব্যাংকে হিসাব (হিসাব নম্বর: ০১২১১০১০০০৩১২৪৫৩) চালু হয়েছে বলে তাঁকে জানালে ওই হিসাব নম্বরে এক লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা জমা দেন।ওই হিসাবের চেকবই উত্তোলনের জন্য ৮ জুলাই মাহমুদ ব্যাংকে গিয়ে জানতে পারেন, ব্যাংক থেকে চেকবই উত্তোলন করে ওই হিসাব থেকে তাঁর অবিকল স্বাক্ষরের চেক দিয়ে এক লাখ ৯৯ হাজার ৫০০ টাকা উত্তোলন করা হয়েছে। মাহমুদ এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষকে খোঁজ নিতে বললে দেখা যায়, ব্যাংকে যে হিসাব খোলা হয়েছিল, তা শুধু মাহমুদের ছবি যুক্ত করে দেওয়া। তাতে স্বাক্ষর অন্য হাতের। তা ৎ ক্ষণিকভাবে মাহমুদ ব্যাংক কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ দিতে চাইলে কর্তৃপক্ষ প্রাথমিক তদন্তের পর লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেয়।পরবর্তী সময়ে ব্যাংক কর্তৃপক্ষ মাহমুদকে জানায়, এক লাখ ৯৯ হাজার ৫০০ টাকা উত্তোলনের পর ১২ জুলাই ৫০ হাজার টাকার একটি চেক ডিসঅনার হয়েছে। এ পরিস্থিতিতে মাহমুদ ২৭ জুলাই ব্যাংক কর্তৃপক্ষের কাছে লেনদেনটি স্থগিত রাখার আবেদন করেন।মাহমুদ হাসান বলেন, ‘তোহা সরদার ও ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে আমার ছবি, জাল স্বাক্ষর ও অজ্ঞাত নমিনির নাম-পরিচয় ব্যবহার করে হিসাব খুলে আমার পুরো টাকা আত্মসা ৎ করা হয়েছে; এমনকি লিখিত অভিযোগ দায়েরের পরও ব্যাংক কর্তৃপক্ষ জাল-জালিয়াতির বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। অন্যদিকে এ ঘটনার বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে উদ্যোগ নেওয়ার প্রস্তুতি দেখে তোহা বিভিন্নভাবে আমাকে একের পর এক হুমকি-ধমকি দিচ্ছেন।’মামলায় তোহা সরদার ছাড়াও সিলেট সদর উপজেলার লামাকাজী এলাকার মুহিবুর রহমানকে আসামি ও কয়েকজন কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। মুঠোফোনে মো. তোহা সরদার বলেন, ‘এ বিষয়ে একটু ঝামেলা আছে। কয়েকজনকে নিয়ে বসে বিষয়টি সমাধানের চেষ্টা হয়েছিল। মামলার বিষয়টি আমার জানা নেই।’ আপনার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘অন্য একজনের সঙ্গে বিষয়টি আলোচনা করে আপনাকে বলতে হবে। এ মুহূর্তে কিছু বলতে চাই না।’এ ব্যাপারে ব্যাংকের সিলেট শাখার ব্যবস্থাপক হুমায়ুন কবীর প্রথম আলোকে জানান, অভিযুক্ত তোহা সরদার ব্যাংকের সিলেট শাখার শিক্ষানবিশ কর্মকর্তা ছিলেন। সম্প্রতি পৃথক একটি ঘটনায় তাঁকে ব্যাংক কর্তৃপক্ষ চাকরি থেকে বরখাস্ত করেছে। ফলে তা ৎ ক্ষণিকভাবে তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে পুরো ঘটনাটি ঢাকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। নির্দেশনা পেলেই ব্যবস্থা নেওয়া হবে।মামলার তদন্ত কর্মকর্তা সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শাহ মো. মুবাশ্বির প্রথম আলোকে জানান, পুলিশ ঘটনার প্রাথমিক তদন্ত করে সত্যতা পেয়েছে। অভিযুক্ত দুজন আসামিকে গ্রেপ্তার করে পরবর্তী সময়ে তদন্ত চালানো হবে বলে তিনি জানান।