ব্যাংক হিসাব হ্যাকড চট্টগ্রামে দুজন গ্রেপ্তার
অন্য একজনের ব্যাংক হিসাব হ্যাক করে তাঁর হিসাব থেকে এক লাখ ৩২ হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগে দুই যুবককে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করছে র্যা ব। গত মঙ্গলবার রাত দুইটার দিকে নগরের জিইসি মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন: আশফাক হোসেন (৩০) ও মো. সুমন (২৬)। আশফাক নগরের ওআর নিজাম রোড এবং সুমন তুলাতলী এলাকার বাসিন্দা।র্যা ব জানায়, গত ২৬ মার্চ নগরের বহদ্দারহাটের একটি এটিএম বুথ থেকে ওই টাকা তুলে নেন আশফাক ও সুমন। এ ঘটনার সঙ্গে মোট সাতজন জড়িত। অন্যরা পলাতক। টাকা খরচ করে ফেলায় তা উদ্ধার করা সম্ভব হয়নি। র্যা বের লে. কমান্ডার মো. নুরুজ্জামান জানান, ২২ মার্চ আশফাক ও সুমন ব্র্যাক ব্যাংকের ঢাকার খিলক্ষেত শাখার গ্রাহক আনোয়ার হোসেনের ব্যাংক হিসাব হ্যাক করেন। পরে অনলাইনের মাধ্যমে একই ব্যাংকে নিজেদের হিসাবে এক লাখ ৩২ হাজার টাকা স্থানান্তর করেন। এরপর নগরের বহদ্দারহাটের একটি বুথ থেকে টাকাগুলো তুলে খরচ করেন তাঁরা। জানা গেছে, এ ঘটনায় আনোয়ার হোসেন বাদী হয়ে ২৩ মার্চ ঢাকার খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এই জিডির ওপর ভিত্তি করে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া যুবকদের নগরের চান্দগাঁও থানার মাধ্যমে ঢাকার খিলক্ষেত থানায় হস্তান্তর করা হবে বলে জানা গেছে।