ব্যাংক হিসাবে আবগারি শুল্ক না বাড়িয়ে আগের হার রাখার দাবি জানিয়েছেন সরকারদলীয় হুইপ শহীদুজ্জামান সরকার। গতকাল সোমবার ২০১৬-২০১৭ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। সরকারদলীয় সাংসদ আবদুস শহীদ বিষয়টি বিবেচনার আহ্বান জানিয়েছেন।
গতকাল থেকে সংসদে চলতি অর্থবছরের সম্পূরক বাজেট নিয়ে সাধারণ আলোচনা শুরু হয়েছে।
শহীদুজ্জামান সরকার বলেন, ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। গ্রামের মানুষ এক লাখ, দুই লাখ টাকা ব্যাংকে জমা রাখে। এখন প্যানিক ছড়িয়েছে যে আমানতের টাকা কেটে নেওয়া হবে। তিনি অর্থমন্ত্রীকে আবগারি শুল্ক না বাড়িয়ে আগেরটা বহাল রাখার আহ্বান জানান। ভ্যাটের আওতা কমিয়ে আয়কর ও অন্য প্রত্যক্ষ কর বাড়ানোর এবং সঞ্চয়পত্রের সুদ না কমানোর আহ্বান জানান তিনি।
শহীদুজ্জামান বলেন, শুরু থেকে রাজস্ব আদায়ের বিষয়টিতে জোর দেওয়া দরকার। শেষ তিন মাসে তাড়াহুড়ো করতে গেলে অনেক অনিয়ম হয়।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী কয়েকটি মন্ত্রণালয়/বিভাগে সম্পূরক বাজেটে বরাদ্দ বাড়ানোর যৌক্তিকতা ব্যাখ্যা করে বলেন, সরকার প্রতি পাই পয়সা খরচে চিন্তা করে। ইচ্ছা করলে অনেক খরচ করা যেত। সেটা করা হয়নি। কারণ, প্রধানমন্ত্রী সে শিক্ষা দেননি।
বিরোধী দল জাতীয় পার্টির সেলিম উদ্দীন বলেন, অনেক মন্ত্রণালয় বেশি খরচ করে। আবার অনেক মন্ত্রণালয় খরচ করতে পারে না। এর কারণ কি দক্ষতার ঘাটতি নাকি নেতৃত্বের দুর্বলতা? ব্যাংকিং খাত বিপর্যস্ত হয়ে পড়েছে মন্তব্য করে তিনি বলেন, হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অর্থমন্ত্রী নির্বিকার। যাঁরা লুট করছেন, রাজনৈতিক আশ্রয়ের কারণে তাঁরা পার পেয়ে যাচ্ছেন। অর্থমন্ত্রী বলেছেন, বিশ্বের সব দেশে ব্যাংকে চুরি হয়। তাঁর এই বক্তব্যে লুটপাটকারীরা উৎসাহী হবে।
স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী বলেন, দেশের কোথাও সুশাসন নেই। শান্তির পূর্বশর্ত আইনের শাসন, ন্যায়বিচার, সুশাসন। তাঁর নির্বাচনী এলাকায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির এক ভাগও বাস্তবায়ন হয়নি উল্লেখ করে তিনি বলেন, সারা দেশে এডিপির ৫০-৬০ ভাগও বাস্তবায়িত হয়নি।