ব্যাংকঋণ না নিয়েও মামলার আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা শহরের বানিয়ারজান এলাকার পঞ্চাশোর্ধ্ব রজ্জব আলী রূপালী ব্যাংক থেকে কখনো ঋণ নেননি বলে দাবি করছেন। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ বলছে, তিনি ঋণ নিয়েছেন এবং যথাসময়ে তা পরিশোধ করেননি। তাই তাঁর বিরুদ্ধে ঋণ পরিশোধ না করার অভিযোগ এনে গাইবান্ধা অর্থঋণ আদালতে মামলা দায়ের করা হয়েছে। রূপালী ব্যাংকের গাইবান্ধা শাখা কর্তৃপক্ষ এই মামলা দায়ের করে। ঋণ থেকে দায়মুক্তির জন্য রজ্জব আলী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে আবেদন করেছেন। কিন্তু কোনো কাজ হচ্ছে না। এদিকে মামলার ভয়ে, শোকে তিনি শয্যাশায়ী। অভিযোগ সূত্রে জানা গেছে, বর্গা চাষ করে পাঁচ সদস্যের সংসার চালান রজ্জব আলী। অভাবের সংসারেও ছেলেমেয়ের ভবিষ্যতের কথা ভাবেন। প্রতি মাসে ব্যাংকে সঞ্চয় জমা রাখার সিদ্ধান্ত নেন। ২০০৪ সালের এপ্রিলের শুরুর দিকে একটি আরডিএস (১০ বছর মেয়াদি মাসিক জমা) হিসাব খোলার জন্য রূপালী ব্যাংকের গাইবান্ধা শাখায় যান। তৎকালীন শাখা ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান (বর্তমানে অবসরপ্রাপ্ত) তাঁকে ক্যাশিয়ারের কাছে পাঠান। তৎকালীন ক্যাশিয়ার জিয়াউল ইসলাম তাঁর কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তিনি নিজের একটি ছবি দেন। ক্যাশিয়ার ছবিটি জমা নিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছ থেকে নাগরিকত্বের সনদ আনতে বলেন। কিন্তু অসুস্থতার কারণে রজ্জব আলী এক মাস ব্যাংকে যেতে পারেননি। এক মাস পর ব্যাংকে গিয়ে ক্যাশিয়ারের কাছে ছবিটি ফেরত চান। কিন্তু ছবিটি হারিয়ে গেছে বলে ক্যাশিয়ার তাঁকে জানান। এদিকে ছয় বছর কেটে যায়। ২০১০ সালের আগস্টে অর্থঋণ আদালত থেকে রজ্জব আলীর কাছে সনদ মামলার নোটিশ পাঠানো হয়। নোটিশ পেয়ে তিনি হতবাক। আদালতে খোঁজ নিয়ে জানতে পারেন, ২৪ হাজার ৯৬ টাকা অনাদায়ী দেখিয়ে একই বছরের ৭ মার্চ তাঁর বিরুদ্ধে গাইবান্ধা যুগ্ম জেলা জজ ও অর্থঋণ প্রথম আদালতে মামলা দায়ের করা হয়েছে। রূপালী ব্যাংকের গাইবান্ধা শাখার তৎকালীন ব্যবস্থাপক মতিয়ার রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন। এদিকে রজ্জব আলী আদালত থেকে ব্যাংক শাখায় খোঁজ নিয়ে দেখেন, ২০০৪ সালের ২ ডিসেম্বর তাঁর নামে ২০ হাজার টাকা ছাগল পালনের ঋণ তোলা হয়েছে। নয়টি কিস্তিতে তিন হাজার ৯০০ টাকা পরিশোধও করা হয়েছে। রজ্জব আলী প্রথম আলোকে বলেন, ‘ঋণ নেওয়া দূরের কথা, হিসাব খোলার কোনো কাগজেও আমি স্বাক্ষর করিনি।’ তিনি অভিযোগ করেন, তৎকালীন শাখা ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ও ক্যাশিয়ার জিয়াউল ইসলাম স্বাক্ষর নকল করে তাঁর নামে ঋণ দেখিয়ে ২০ হাজার টাকা আত্মসাৎ করেন। পরে তাঁরাই কয়েকটি কিস্তি জমা দেন। তিনি বলেন, ‘মামলার ভয়ে অসুস্থ হয়ে পড়েছি। মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছি। আমি এর বিচার চাই।’ রূপালী ব্যাংকে কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা গেছে, ঋণগ্রহণের ফরমে রজ্জব আলীর যে স্বাক্ষর রয়েছে, তাঁর প্রকৃত স্বাক্ষরের সঙ্গে তার মিল নেই। ফরমে স্বাক্ষরের জায়গায় ‘রজ্জব’ বানানে ওপরে-নিচে দুটি ‘জ’ লেখা আছে। কিন্তু রজ্জব আলী পাশাপাশি দুটি ‘জ’ দিয়ে সই করেন। তৎকালীন শাখা ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমানও অভিযোগ অস্বীকার করে বলেন, ‘রজ্জব আলী ব্যাংকে এলে আমি তাঁকে তৎকালীন ক্যাশিয়ারের কাছে পাঠাই। ক্যাশিয়ার জিয়াউল সব ফাইলপত্র তৈরি করে আনলে আমি ঋণ অনুমোদন করি। কিন্তু এত কিছু খোঁজখবর করে দেখিনি।’