ব্যাংকঋণ না পাওয়ায় দাদনের ফাঁদে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় বোরো চাষের জন্য দাদন নিয়ে চড়া সুদের ঋণের জালে আটকা পড়েছেন অনেক কৃষক। ব্যাংক থেকে ঋণ না পাওয়ায় তাঁরা ব্যবসায়ীদের কাছ থেকে দাদন নিতে বাধ্য হয়েছেন।উপজেলার তালুক দামোদরপুর গ্রামের কৃষক তছলিম উদ্দিন জানান, তিনি এবার ১০০ শতক জমিতে বোরো ধানের আবাদ করেছেন। জমিতে সার প্রয়োগের জন্য তিনি এক দাদন ব্যবসায়ীর কাছ থেকে দুই হাজার টাকা নিয়েছেন। ধান ওঠা পর্যন্ত তিন মাসে ওই দাদন ব্যবসায়ীকে সুদাসলে তিন হাজার টাকা দিতে হবে।লোহানীপাড়া গ্রামের কৃষক মজিবুল হক জানান, বোরো চাষের জন্য তিনি দাদন ব্যবসায়ীর কাছ থেকে তিন হাজার টাকা নিয়েছেন। ধান ওঠার পর তাঁকে সুদাসলে সাড়ে চার হাজার টাকা দিতে হবে।কৃষকেরা জানান, আগে ধানের ওপর টাকা দিতেন দাদন ব্যবসায়ীরা। কিন্তু বাজারে ধানের দাম ওঠানামা করায় দাদনেরা ঝুঁকি না নিয়ে এক হাজার টাকায় তিন মাসের জন্য সুদ নিচ্ছেন ৫০০ টাকা।রামনাথপুর গ্রামের কৃষক রবিউল ইসলাম বলেন, ‘সরকারি ব্যাংকোত হামাক ইন (ঋণ) দেয় না। হাতোত টাকা নাই। বাধ্য হয়া তিন মাসের জন্যে বেশি সুদ দিয়া গ্রামোত টাকা নেওচি। না হইলে ধান আবাদ করমো কী দিয়া।’ লোহানীপাড়ার কৃষক মফিজুল ইসলাম বলেন, ‘আবাদ করার টাকা নাই। ব্যাংকোত গেছনো, কইচে ইন (ঋণ) দেওয়া বন্ধ আছে।’নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একটি ব্যাংকের ব্যবস্থাপক জানান, সরকারিভাবে ঋণ বিতরণ নীতিমালা জটিল হওয়ায় প্রয়োজনের সময় কৃষকেরা সহজে ঋণ নিতে পারেন না। তাই তাঁরা দাদন ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ নিতে বাধ্য হন।বদরগঞ্জ সোনালী ব্যাংকের ব্যবস্থাপক রেজাউল করিম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এখন ঋণ বিতরণ বন্ধ রয়েছে।