ব্যাংকঋণ নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল ও অবরোধের কারণে মোকাম থেকে চাল না আসায় নাটোরের গুরুদাসপুরের ২৫০টি চাতাল বন্ধ। রোজগার না থাকায় ব্যাংক থেকে নেওয়া ১৫০ কোটি টাকার ঋণের বোঝা বাড়ছে চাতালমালিকদের ওপর।
গুরুদাসপুর উপজেলা চালকল মালিক সমিতি গত রোববার রাতে জরুরি সভায় এ তথ্য দেন। সমিতির চাঁচকৈড় বাজারের অস্থায়ী কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। চালকল মালিক সমিতির সভাপতি আয়নাল হক তালুকদার বলেন, উপজেলায় ২৫০টি চাতাল রয়েছে, যেগুলো এখন বন্ধ। এর মধ্যে ১৭৬টি চাতাল ধান-চাল সংগ্রহ করার জন্য সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ।
সোমবার দুপুরে চাঁচকৈড়, গাড়িষাপাড়া, সাহাপুর এলাকা ঘুরে দেখা গেছে, ধান শুকানো ও ভাঙানোর চাতালগুলোতে ধান নেই, শ্রমিক নেই। গোলাপ তালুকদার নামে একজন ব্যবসায়ীর চাতালে গিয়ে কথা হয় নারীশ্রমিক খদেজা (২৪), হালিমা (২৮) ও আদুরীর (২২) সঙ্গে।
খদেজা বলেন, ‘কয়দিন ধরি বসি থেকে খাচ্ছি। সংসার চলিছছে না, মহাজনের কাছে গেছুনু কিছু ট্যাকা আগাম নিতে। কিন্তক দেয় নাই। মহাজন বলিছে ট্যাকা নাই। কন তো দ্যেহি ছোইল-প্যোল লিয়া খামু কী!’
চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক সামছুল হক শেখ বলেন, হরতাল-অবরোধের কারণে উৎপাদন করা প্রায় এক লাখ মেট্রিক টন চাল গুদামে আটকে রয়েছে। গচ্ছিত টাকা ভেঙে শ্রমিক-কর্মচারীদের বেতনসহ নানা খাতে ব্যয় করছেন ব্যবসায়ীরা।
গুরুদাসপুর উপজেলা চালকল মালিক সমিতির সহসম্পাদক প্রশান্ত কুমার মাণী বলেন, এ এলাকার চাতালগুলোতে সপ্তাহে কমপক্ষে আড়াই লাখ মণ ধান দরকার হয়। এসব ধান চলনবিলসহ উত্তরের বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর, নীলফামারী জেলা থেকে আসে। এদিকে মিলের চাকা না ঘোরায় বেকার হয়ে পড়েছেন প্রায় ১০ হাজার শ্রমিক।
চালকল মালিক সমিতির সদস্যদের দেওয়া তথ্যমতে, কমবেশি সব চাতালমালিকই ব্যাংকে জামানত রেখে প্রায় ১৫০ কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছেন। হরতাল-অবরোধের কারণে ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকায় সুদের টাকা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ছেন ব্যবসায়ীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী বলেন, এক মাস ধরে তাঁদের ব্যবসা বন্ধ রয়েছে। ব্যাংকঋণের টাকায় চলতে গিয়ে তাঁরা দেউলিয়া হওয়ার পথে।
এ ব্যাপারে জানতে চাইলে চাঁচকৈড় বাজারের একটি বেসরকারি ব্যাংকের ম্যানেজার জানান, তাঁর ব্যাংক থেকে ৪০ জন চাতাল ব্যবসায়ীকে ৩৮ কোটি টাকা ঋণ দিয়েছেন।