ব্যাংকঋণের সুদের হার ১০ শতাংশের নিচে নামানোর দাবি
দেশে বিনিয়োগকারীদের বিনিয়োগে উদ্বুদ্ধ করতে ব্যাংকঋণের সুদের হার ১০ শতাংশের নিচে নামিয়ে আনার দাবি জানিয়েছেন স্বতন্ত্র সাংসদ ইউসুফ আবদুল্লাহ হারুন ও জাতীয় পার্টির ইয়াহইয়া চৌধুরী। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ সম্পর্কিত আলোচনায় তাঁরা এ দাবি জানান।
ইউসুফ আবদুল্লাহ হারুন বলেন, সুদের হার কমানো হলে বিনিয়োগ বাড়বে। তৈরি পোশাক খাতে যে প্রণোদনা দেওয়া হয়েছে, একই রকম প্রণোদনা দিলে আরও কিছু সম্ভাবনাময় খাত বেরিয়ে আসবে, যা থেকে বাংলাদেশ অনায়াসে বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে।
ব্যবসায়ীদের বিনিয়োগে উদ্বুদ্ধ করতে ব্যাংকঋণের সুদের হার কমানোর দাবি জানিয়ে জাতীয় পার্টির ইয়াহইয়া চৌধুরী বলেন, সম্ভাবনা থাকা সত্ত্বেও সরকার সুদের হার এক অঙ্কে (সিঙ্গেল ডিজিট) নামিয়ে আনতে ব্যর্থ হয়েছে। সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে তিনি বলেন, ‘ভারত তিস্তার পানিবণ্টন চুক্তির মুলা ঝুলিয়ে রেখেছে। তাদের আমরা অনেক দিয়েছি। কিন্তু ভারত আমাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।’
ইয়াহইয়া আরও বলেন, ‘পৌরসভা নির্বাচনের অভিজ্ঞতা আমাদের কাছে সুখকর নয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনও একই রকম হওয়ার শঙ্কা রয়েছে। কারণ, নির্বাচন কমিশনের কাছে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না।’
ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা বলেন, জেএমবি বাংলাদেশে আইএসের প্রতিনিধি হিসেবে কর্মকাণ্ড চালাচ্ছে। এর দায়দায়িত্ব খালেদা জিয়াকে নিতে হবে। পাকিস্তান বারবার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে যাচ্ছে। একই সময়ে খালেদা জিয়া শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক তুলে পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করছেন। তিনি জ্বালানি তেলের দাম কমানোর দাবিও জানান।
পার্বত্য চুক্তির পুরোপুরি বাস্তবায়ন দাবি করে ঊষাতন তালুকদার বলেন, পার্বত্য এলাকায় যে অসন্তোষ, তার কারণ বঞ্চনা ও অবহেলা।
ভাষণের সময় শিক্ষামন্ত্রী না থাকায় ক্ষোভ প্রকাশ করেন সরকারি দলের এ কে এম আবদুল আউয়াল। স্পিকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এমপিওভুক্তির দাবি জানাব কার কাছে? শিক্ষামন্ত্রী নেই।’