ব্যাংকগুলোর গড়িমসি, রংপুরের কৃষকেরা ভর্তুকির টাকা পাননি
বোরো মৌসুমে কৃষকদের ডিজেলে ভর্তুকির টাকা ১৫ এপ্রিলের মধ্যে দেওয়ার কথা থাকলেও ব্যাংকগুলোর গড়িমসির কারণে রংপুরের কৃষকেরা তা এখনো পাননি বলে অভিযোগ উঠেছে।রংপুর কৃষি সমপ্রসারণ কার্যালয় সূত্র জানায়, জেলায় ডিজেলচালিত সেচপাম্পে সেচ দিয়ে যাঁরা বোরো চাষ করেছেন, এমন তিন লাখ এক হাজার ১৪৮ জনের কৃষকের জন্য ভর্তুকির ২৪ কোটি ৮৩ লাখ ২৭ হাজার ২০০ টাকা বরাদ্দ করা হয়। এই টাকা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে সোনালী ব্যাংকের মাধ্যমে বিভিন্ন উপজেলার জনতা, পূবালী, সোনালী ও কৃষি উন্নয়ন ব্যাংকে পাঠানো হয়েছে।কৃষকেরা জানান, ব্যাংকগুলোতে কৃষকদের এই ভর্তুকির টাকা পাঠানো হলেও ব্যাংকগুলো কৃষকদের হিসাবে ওই টাকা জমা করেননি। ফলে প্রতিদিনই তাঁরা ভর্তুকির টাকার জন্য ব্যাংকে ধরনা দিচ্ছেন। রংপুর সদর উপজেলার পরশুরাম ইউনিয়নের বাহাদুর সিংহ গ্রামের কৃষক ছাইদুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের খটখটিয়া শাখায় একটি হিসাব খুলেছি। এখনো ভর্তুকির টাকা পাইনি। প্রতিদিনই এই টাকা পেতে ব্যাংকে ধরনা দিচ্ছি। ব্যাংক থেকে কৃষকদের বলা হয়, এখনো আপনাদের হিসাবে টাকা পোস্টিং দেওয়া হয়নি।কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের শরিফা বেগম, নূর মোহাম্মদ, আফজাল, মেরাজ আলী, মাবিয়া বেগম, গঙ্গাচড়া উপজেলার নবনী দাস গ্রামের হাজেরা বেগম, আব্দুস সামাদসহ অনেকেই অভিযোগ করেন, ভর্তুকির টাকার জন্য ব্যাংকে গেলেই আজ না কাল বলে ব্যাংক কর্মকর্তারা তাঁদের ফেরত পাঠিয়ে দিচ্ছেন।কৃষি সমপ্রাসারণ অধিদপ্তর রংপুরের অতিরিক্ত পরিচালক মহসিন আলী জানান, সরকারি নির্দেশ মোতাবেক কৃষি মন্ত্রণালয় হতে কৃষকদের জন্য বরাদ্দ ভর্তুকির টাকা এপ্রিলের প্রথম সপ্তাহেই সোনালী ব্যাংকের মাধ্যমে বিভিন্ন ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে। কৃষকদের ভর্তুকির টাকা দেওয়ার বিষয়টি এখন ব্যাংক কর্তৃপক্ষের বলে তিনি মন্তব্য করেন।সোনালী ব্যাংক রংপুরের প্রধান শাখার ব্যবস্থাপক অঞ্জন কুমার বোস জানান, কৃষকদের হিসাবে ভর্তুকির টাকা পোস্টিং দিতে সময় লাগছে বলেই কিছুটা দেরি হচ্ছে। জনতা ব্যাংক রংপুর করপারেট শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, ব্যাংকের লোকবলের কারণে কৃষকদের টাকা দিতে কিছুটা বিলম্ব হচ্ছে।