ব্যাংকার ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির মামলায় সাবেক একজন ব্যাংকার ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক একজন চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার ঢাকা ও বরিশাল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে দুদকের জনসংযোগ বিভাগ জানিয়েছে।

গ্রেপ্তার হওয়া ওই দুজন হলেন জনতা ব্যাংকের গেন্ডারিয়া শাখার সাবেক সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. শামী উল্লাহ এবং ঝালকাঠি সদরের গাভারাম ইউপির সাবেক চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম খান।

দুদক সূত্র জানায়, জনতা ব্যাংকের সাবেক এজিএম শামী উল্লাহর বিরুদ্ধে ৭৭ লাখ ৬০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আজ মঙ্গলবার সকালে মামলা করে দুদক। মামলা করার কিছুক্ষণ পর তাঁকে লালবাগ থেকে গ্রেপ্তার করে সংস্থাটি।
মামলার এজাহারে বলা হয়, এ ব্যাংকার পারস্পরিক যোগসাজশে জাল দলিলের বিপরীতে ৪৫ লাখ ৬০ হাজার টাকা কর্মচারী গৃহনির্মাণ ঋণ দেখিয়ে পরে ভিন্ন হিসাবমতে স্থানান্তর করেন। এ ছাড়া ভুয়া জমি দেখিয়ে এবং ও মিথ্যা তথ্য দিয়ে গৃহনির্মাণ ঋণ বাবদ ৩২ লাখ টাকাসহ মোট ৭৭ লাখ ৬০ হাজার টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেন।

অন্যদিকে ঝালকাঠি সদর থানায় চলতি বছরের ফেব্রুয়ারিতে করা একটি মামলায় বরিশাল থেকে গ্রেপ্তার করা হয়েছে ঝালকাঠি সদরের গাভারাম ইউপির সাবেক চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম খানকে। তাঁর বিরুদ্ধে ৩ লাখ ৯৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।