ব্যাংকার-চিকিৎসকসহ ৭ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকার, চিকিৎসকসহ সাতজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এঁদের গ্রেপ্তার করা হয়। দুদকের জনসংযোগ বিভাগ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ইসলামী ব্যাংক বংশাল শাখার সাবেক অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক, সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. শামসুদ্দিন, চিকিৎসক এম এ মান্নান, গ্রামীণ ব্যাংক চাঁপাইনবাবগঞ্জের চুকিত্তি শাখার সেন্টার ইনচার্জ আবদুল কাইয়ুম, ফরিদপুরের নিউ প্রাইম মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সেক্রেটারি শম্পা রাণী সাহা, সাতক্ষীরার শ্যামনগর ইউনিয়ন পরিষদের সাবেক দুই সদস্য মো. আজিজুর রহমান ও আবুল কালাম আজাদ।

দুদক সূত্র জানায়, মিরপুর হাউজিং এস্টেটের একটি জমির মালিক আলী আলী হোসেন। ওই জমিতে ভবন নির্মাণের জন্য আরবান স্কাই লাইন নামের একটি আবাসন কোম্পানির সঙ্গে চুক্তি করা হয়। পরে চিকিৎসক এম এ মান্নান আরবান স্কাই লাইনের ব্যবস্থাপনা পরিচালক আল্-ফাত্তাহ হাবিবুল্লার সঙ্গে যোগসাজশে অন্য এক ব্যক্তিকে ভুয়া আলী হোসেন সাজিয়ে তাঁর সই জাল করে জাল দলিলের মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে ঋণ নেন। ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সহযোগিতায় জাল দলিলের মাধ্যমে ব্যাংকটির বংশাল শাখা থেকে ১২ কোটি ১৩ লাখ ৩৭ হাজার ৫৯১ তুলে নিয়ে আত্মসাৎ করেন। ওই ঘটনায় পাঁচজনকে আসামি করে গত ২১ জুন রাজধানীর বংশাল থানায় মামলা করেন দুদকের উপপরিচালক সৈয়দ তাহসিনুল হক। ওই মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পরিচালক মোয়াজ্জেম হোসেন রাজধানীর সেগুনবাগিচা থেকে ইসলামী ব্যাংক বংশাল শাখার সাবেক অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক, সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. শামসুদ্দিন ও চিকিৎসক এম এ মান্নানকে গ্রেপ্তার করেন।
৬ লাখ ৯২ হাজার ৬১ টাকা তুলে নিয়ে আত্মসাতের অভিযোগে করা মামলায় গ্রামীণ ব্যাংক চাঁপাইনবাবগঞ্জের চুকিত্তি শাখার সেন্টার ইনচার্জ মো. আবদুল কাইয়ুমকে রাজশাহী থেকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত লাভের আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ১ কোটি ১৪ লাখ ২৯ হাজার টাকা আদায় করে আত্মসাতের অভিযোগে করা মামলায় ফরিদপুরের নিউ প্রাইম মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সেক্রেটারি শম্পা রাণী সাহাকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করে দুদক।
২০০২-২০০৩ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির ৮৫ হাজার ৫০০ তুলে নিয়ে প্রকল্পের কোনো কাজ না করে আত্মসাতের অভিযোগে করা মামলায় সাতক্ষীরার শ্যামনগর ইউনিয়ন পরিষদের সাবেক দুই সদস্য মো. আজিজুর রহমান ও আবুল কালাম আজাদকে শ্যামনগর থেকে গ্রেপ্তার করা হয়।