ব্যাংকে চুরি, তিন কিশোর আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় আজ শনিবার ভোরে চুরি হয়েছে। এতে জড়িত থাকার অভিযোগে তিন কিশোরকে আটক করেন নৈশপ্রহরীরা। তবে বয়স খুব কম হওয়ায় স্থানীয় চেয়ারম্যানের মধ্যস্থতায় টাকা ফেরত দেওয়ার শর্তে তাদের পুলিশে সোপর্দ না করে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার নাকোল বাজারে গ্রামীণ ব্যাংকের শাখাটি একটি টিনের ভাড়া করা বাসায় পরিচালিত হয়। বাজারের নিরাপত্তায় ১০-১২ জন নৈশপ্রহরী নিয়মিত কাজ করেন। আজ শনিবার ভোররাত তিনটার দিকে নৈশপ্রহরী ইলিয়াস হোসেনের সন্দেহ হয়, গ্রামীণ ব্যাংকের ভেতরে চোর ঢুকেছে। তিনি ব্যাংকের টিনের চালা কাটা দেখতে পান। পরে অন্য নৈশপ্রহরীদের সহায়তায় তিনি ব্যাংকের ভেতর থেকে এক কিশোরকে আটক করেন। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে চুরির সঙ্গে জড়িত আরও দুই কিশোরকে আটক করা হয়।
গ্রামীণ ব্যাংকের নাকোল শাখার ব্যবস্থাপক মো. মশিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ওই তিন কিশোর ব্যাংকের ভল্ট ও কর্মকর্তাদের টেবিলের ড্রয়ার, আলমারির তালা ভেঙে তছনছ করে। শাখায় বেশি টাকা-পয়সা থাকে না। এ কারণে তারা বেশি টাকা পায়নি। হিসাব করে দেখা গেছে, ৫২ হাজারের কিছু বেশি টাকা চুরি হয়েছে।
নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, ‘যেহেতু অপরাধের সঙ্গে জড়িতদের বয়স খুবই অল্প, তাই ওই কিশোরদের বিরুদ্ধে মামলা না করতে ব্যাংক কর্তৃপক্ষকে অনুরোধ করেছি আমরা। তাঁরা রাজি হয়েছেন। তিন কিশোর অপরাধ স্বীকার করেছে। তারা চুরি করা টাকা ফেরত দেবে।’