ব্যাংকে জালিয়াতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গ্রেপ্তার ৪
বেসিক ব্যাংকে জালিয়াতির ঘটনায় করা মামলায় দুই ব্যবসায়ী, অবৈধ সম্পদ অর্জনের মামলায় ওয়াসার সাবেক নির্বাহী প্রকৌশলী এবং গ্রাহকের অর্থ আত্মসাতের মামলায় জ্যেষ্ঠ একজন ব্যাংকারকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে দুদকের জনসংযোগ বিভাগ প্রথম আলোকে নিশ্চিত করেছে।
বেসিক ব্যাংকে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার হওয়া দুই ব্যবসায়ী হলেন ভাসাভি ফ্যাশন ও তাহমিনা
ডেনিম লিমিটেডের চেয়ারম্যান ইয়াসির আহমেদ খান এবং ওই দুটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কামাল জামান মোল্লা।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হয়েছেন ঢাকা ওয়াসার অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ আহমেদ। আর গ্রাহকের অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার করা হয়েছে সিটি ব্যাংক লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) এবং কার্ড সার্ভিসেসের প্রধান মো. মোসাব্বির রহিমকে।
বেসিক ব্যাংকে জালিয়াতির ঘটনায় গত বছরের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর ৫৬টি মামলা করে দুদক। ওই সব মামলায় আসামি ১২০ জন। এর মধ্যে বিভিন্ন সময় ৫ ব্যাংক কর্মকর্তাসহ গ্রেপ্তার হয়েছেন মাত্র ১১ জন।