ব্যাংকে টাকা নেই ভোগান্তিতে গ্রাহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নতুন ধান নামার পর বাজারত দাম কম থাকায় ধান বিক্রি করিনি। আগে ব্যাংকত কয়ডা ট্যাকা থুচনু, সেডা লিবার অ্যাসা চেক দিয়্যা দুই দিন হলো ঘুরা কোনো ট্যাকা পাচ্চি না। এই সময় ট্যাকা না পালে আলু-সরষা লাগানোর জন্যি সার কিনা পারমো না। শ্রমিকোক দিনের খোরাকি না দিবার পারলে ওরা কাম বাদ দিয়্যা চল্যা যাবে। হরতাল-অবরোধের দোহাই দিয়্যা ব্যাংক কোনো ট্যাকা দিচ্চে না। হামরা কৃষক মানুষ, আবাদ না করলে নেতারাই বা কি খাইয়া বাঁচপে?’
ক্ষোভ প্রকাশ করে কথাগুলো বলছিলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী গ্রামের কৃষক আবদুস সাত্তার। তিনি ইসলামী ব্যাংকের দুপচাঁচিয়া শাখায় টাকা নিতে এসে দুই দিনেও পাননি।
বগুড়ার দুপচাঁচিয়ায় বিভিন্ন পেশার মানুষ ও ব্যবসায়ীরা ব্যাংকগুলোতে এসে টাকা না পেয়ে ভোগান্তির শিকার হচ্ছেন। উপজেলার সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপকেরা ব্যাংকে টাকা না থাকার কথা স্বীকার করেছেন। তাঁরা বলেন, এক সপ্তাহের টানা হরতাল আর অবরোধের কারণে শাখায় কোনো টাকা আনা যাচ্ছে না। এ জন্যই গ্রাহকদের টাকা দেওয়া যাচ্ছে না।
সোনালী ব্যাংকের দুপচাঁচিয়া শাখার ব্যবস্থাপক ফারায়েজুল হক বলেন, ‘এই শাখা থেকে সরকারি চাকরিজীবী ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন, খাদ্য বিভাগে ধান-চাল সরবরাহকারী, বিভিন্ন বেসরকারি সংস্থা, প্রবাসীসহ বিভিন্ন গ্রাহককে টাকা দিতে হয়। এতে শাখায় প্রতিদিন চার থেকে সাড়ে চার কোটি টাকা লেনদেন হয়। যাঁরা ব্যাংকে টাকা ডিপোজিট করেন, তাঁরাও অবরোধের কারণে আসছেন না। আমরা প্রতিদিনের চাহিদা মোতাবেক করপোরেট শাখা থেকে টাকা এনে ব্যাংক চালাতাম। এখন টানা হরতাল ও অবরোধের কারণে ঝুঁকি নিয়ে টাকা আনা যাচ্ছে না।’
চাতাল ব্যবসায়ী মেসার্স খাজা চালকলের মালিক নাজমুল আরেফিন বলেন, ‘কয়েক দিন ধরে চাহিদা মোতাবেক ব্যাংকে টাকা পাচ্ছি না। গত দুই দিনে কোনো ব্যবসায়ীকে টাকা দেয়নি ব্যাংক। একদিকে চাতালের উৎপাদিত চাল বিক্রি করতে পারছি না, অন্যদিকে ব্যাংক টাকা না দেওয়ায় হাট থেকে ধানও কিনতে পারছি না।’
ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মাহফুজুল করিম বলেন, টানা হরতাল-অবরোধের কারণে বগুড়া থেকে টাকা আনতে না পারায় গ্রাহকদের টাকা দেওয়া যাচ্ছে না।