ব্যাংকে টাকা-সংকটে খালি হাতে ফেরত গেলেন অনেক শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটির আগে গত বৃহস্পতিবার ছিল ব্যাংক লেনদেনের শেষ দিন। কিন্তু বেতন-উৎসব ভাতা পরিশোধ করার মতো পর্যাপ্ত টাকা ব্যাংকে না থাকায় খালি হাতে ফিরতে হয়েছে অনেক শিক্ষককে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

কয়েকজন শিক্ষক বলেন, উপজেলার ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্‌-প্রাথমিক শিক্ষকেরা দুমাসের বকেয়া বেতনসহ উৎসব ভাতা তুলতে বৃহস্পতিবার ব্যাংক খোলার সঙ্গে সঙ্গে রূপালী ব্যাংকের বালিয়াডাঙ্গী শাখায় যান। কিন্তু ব্যাংকের ব্যবস্থাপক বলেন, তাঁদের বেতন-উৎসব ভাতা পরিশোধ করার মতো টাকা ব্যাংকে নেই। পরে তিনি শিক্ষকদের আশ্বাস দিয়ে বালিয়াডাঙ্গী ও ঠাকুরগাঁও সোনালী ব্যাংকে যোগাযোগ করেন। কিন্তু সন্ধ্যা পর্যন্ত টাকার ব্যবস্থা করতে পারেননি। এতে অনেক শিক্ষক বেতন-বোনাস না পেয়ে ফিরে যান।

রূপালী ব্যাংকের বালিয়াডাঙ্গী শাখার ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, উপজেলা পর্যায়ে বড় অঙ্কের টাকা পেতে ব্যাংক কর্তৃপক্ষকে আগের দিন জানাতে হয়। টাকার চাহিদা পেয়ে কর্তৃপক্ষ তখন সে অনুযায়ী ব্যবস্থা নেয়। কিন্তু উপজেলা শিক্ষা কার্যালয় এ ক্ষেত্রে তাঁকে কিছুই জানায়নি। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শিক্ষকদের নামে বেতন-বোনাস ছাড়ের কাগজ ব্যাংকে আসে। শিক্ষকদের পাওনা টাকার পরিমাণ ২২ লাখ টাকা। ব্যাংকে এত টাকা গচ্ছিত ছিল না। এরপর বিভিন্ন ব্যাংকে যোগাযোগ করেও টাকা সংগ্রহ করা যায়নি। তিনি বলেন, ‘শিক্ষকদের আকুতি দেখে আমার নিজেরই খারাপ লেগেছে। শেষে ব্যাংকের ঋণগ্রহীতাদের কাছ থেকে ঋণের কিস্তি নিয়ে ২৩ জন শিক্ষককে ৩ লাখ ৩০ হাজার টাকা পরিশোধ করতে পেরেছি। শূন্য হাতে ফিরিয়ে দেওয়ার চেয়ে কিছু টাকা শিক্ষকদের হাতে তুলে দিতে পেরেছি, এটাই সান্ত্বনা। এখন ঈদের ছুটি শেষ না হওয়া পর্যন্ত এই টাকা পাওয়ার সম্ভাবনা নেই।’

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক অভিযোগ করে বলেন, ‘উপজেলা শিক্ষা কর্মকর্তা বিল সই করতে প্রায় সময়ই দেরি করেন। আমরা সেগুলো মেনে নিয়েছি। কিন্তু এবার যা করলেন, সেটা মেনে নেওয়ার মতো নয়। ঈদের বেতন-উৎসব ভাতার জন্য বাড়ির সবাই মুখ চেয়ে বসে আছে। বেতন-উৎসব ভাতা না পাওয়ার কথা আমরা পরিবারের লোকজনকে কী করে জানাব, বুঝতে পারছি না।’

ওই শিক্ষকেরা আরও বলেন, এ বছরের জানুয়ারি মাসে তাঁরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্‌-প্রাথমিক শিক্ষক পদে যোগদান করেন। যোগদানের সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রতি শিক্ষকের কাছ থেকে ১০০০ টাকা করে আদায় করেছেন।

এ বিষয়ে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ বলেন, ‘উপজেলা শিক্ষা কর্মকর্তার এ রকম অবহেলা প্রতিনিয়তই হচ্ছে। ঈদের আগে শিক্ষকেরা বেতন-উৎসব ভাতা নিয়ে বাড়ি যেতে পারেননি শুনে খারাপ লাগছে। এখন আর কী করার আছে?’

উপজেলা শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন গতকাল শুক্রবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি গত বুধবার সোনালী ব্যাংকে শিক্ষকদের বেতন-উৎসব ভাতা ছাড়ের কাগজ পাঠিয়ে দিই। কিন্তু শিক্ষকেরা তা পাবেন না, এটা ভাবতে পারিনি। ঈদ পালনের কথা ভেবে ব্যাংক কর্মকর্তা শিক্ষকদের বেতন-উৎসব ভাতার আংশিক টাকা দিয়েছেন। যেসব শিক্ষক সেখানে উপস্থিত ছিলেন, তাঁরাই তা পেয়েছেন।’ শিক্ষকদের বেতন-উৎসব ভাতা ছাড়ের কাগজ কেন আরও আগে ব্যাংকে পাঠানো হলো না, এ প্রশ্নের জবাবে তিনি চুপ করে থাকেন।