ব্যাংকে ডাকাতির চেষ্টা নৈশপ্রহরী খুন
পূবালী ব্যাংক লিমিটেড গাইবান্ধা শাখার নৈশপ্রহরী গতকাল বুধবার ভোরে খুন হয়েছেন। তাঁর নাম সাদেকুল ইসলাম (৩৫)। তিনি রংপুরের গঙ্গাচড়া উপজেলার গনরপাড়া গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে। ডাকাতি করতে ব্যর্থ হয়ে ডাকাতেরা তাঁকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।পুলিশ ও এলাকাবাসীর ভাষ্যমতে, রাত দুইটার দিকে এক দল ডাকাত ব্যাংকের নৈশপ্রহরীর কাছ থেকে চাবি নিয়ে কলাপসিবল গেটের তালা খুলে ভেতরে ঢোকে। এর পর ডাকাতেরা গ্যাস সিলিন্ডারের সাহায্যে ব্যাংকের ভল্টের দরজার কবজা কাটতে থাকে। রাত সাড়ে তিনটার দিকে ওই এলাকার রাস্তায় দায়িত্বরত নৈশপ্রহরী বাবলু মিয়া ঘটনাটি আঁচ করতে পেরে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যায়।পরে স্থানীয় লোকজন ব্যাংকের নিচতলায় সিঁড়ির নিচে বস্তাবন্দী অবস্থায় নৈশপ্রহরীর লাশ দেখে পুলিশে খবর দেন। পুলিশ সকালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ ডাকাতদের ব্যবহার করা গ্যাস সিলিন্ডার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে।গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) এ কে এম নাহিদুল ইসলাম জানান, ব্যাংকের নৈশপ্রহরীর সহযোগিতায় ডাকাতেরা ব্যাংকের ভল্ট কাটার চেষ্টা করেছে। ব্যর্থ হয়ে তারা নৈশপ্রহরীকে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী গতকাল বেলা তিনটায় জানান, এ ঘটনায় ওই শাখার ব্যবস্থাপক মনমোহন রায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।