ব্যাংকে নিবন্ধনের টাকা জমা দিতে না পেরে ভোগান্তি
মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের রেজিস্ট্রেশন ফি (নিবন্ধন), ড্রাইভিং, রুট পারমিট, ফিটনেস সার্টিফিকেটের জন্য ব্যাংকে টাকা জমা দিতে না পারায় নতুন যানবাহন কিনে সেটির নিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে ভোগান্তিতে পড়েছেন মালিকেরা। নিবন্ধনের জন্য টাকা জমা দিতে না পারায় অনেকেই রাস্তায় গাড়ি বের করতে পারছেন না। আবার কেউ কেউ জরুরি প্রয়োজনে বের করলেও নিবন্ধন না থাকায় ট্রাফিক পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের কাছে জরিমানা গুনতে হচ্ছে তাঁদের।
জয়পুরহাট বিআরটিএ কার্যালয় সূত্রে জানা গেছে, বাস, ট্রাক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চালানোর আগে ওই সব যানবাহনের জন্য ব্যাংকে নির্দিষ্ট ফি জমা দিয়ে বিআরটিএ কর্তৃপক্ষের কাছে নিবন্ধনের জন্য আবেদন করতে হয়। কিন্তু যানবাহনের মালিকেরা ব্যাংকে টাকা জমা দিতে পারছেন না। তাঁদের অভিযোগ, এর আগে জয়পুরহাট শহরের ব্র্যাক ব্যাংকে তাঁরা মোটরযান-সংক্রান্ত যাবতীয় ফি জমা নিতেন। কিন্তু গত ২৯ সেপ্টেম্বর থেকে ওই ব্যাংক এ-সংক্রান্ত কোনো প্রকার টাকাপয়সা জমা নিচ্ছে না। জানা গেছে, বিআরটিএর সঙ্গে ব্র্যাক ব্যাংকের যে চুক্তি ছিল, তার মেয়াদ গত ২৯ সেপ্টেম্বর শেষ হয়েছে। বিআরটিএ নতুন করে ব্যাংকের সঙ্গে চুক্তি না করায় জয়পুরহাটে এক মাস যাবৎ যানবাহনের নিবন্ধন পেতে অচলাবস্থা তৈরি হয়েছে।
কালাই উপজেলার মোলামগাড়ি এলাকার রানা হোসেন ও কামাল হোসেন গত সোমবার জয়পুরহাট বিআরটিএ কার্যালয়ের সামনে দাঁড়িয়েই অভিযোগ করেন, তাঁরা কয়েক দিন ধরে কার্যালয়ে ধরনা দিয়েও টাকা জমা দেওয়ার বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে কোনো দিকনির্দেশনা পাননি। তাঁদের অভিযোগ, গাড়ির নিবন্ধন না থাকলে ট্রাফিক পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতে জরিমানা গুনতে হয়। তাঁরা ব্যবসা করেন। এ জন্য ব্যবসার কাজে বিভিন্ন স্থানে ছোটাছুটি করতে হয়। কিন্তু নিবন্ধন করতে না পারায় মোটরসাইকেল নিয়ে বের হতে পারছেন না।
জয়পুরহাট জেলা বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক প্রকৌশলী হারুন উর রশিদ বলেন, বিআরটিএর সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি ছিল। ওই চুক্তির মেয়াদ শেষ হয়েছে। নতুন করে কোনো ব্যাংকের সঙ্গে চুক্তি না হওয়ায় গাড়ির মালিকেরা টাকা জমা দিতে পারছেন না। ঢাকার তেজগাঁও সদর দপ্তরে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে। শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদী।