ব্যাংকে ভাড়া পরিশোধে ভাড়াটিয়ারাই চাপে পড়বেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়িভাড়া ব্যাংকে জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলে ভাড়াটিয়ারাই চাপে পড়বেন। সে জন্য সিটি করপোরেশন নির্ধারিত ওয়ার্ডভিত্তিক বাড়িভাড়ার সর্বোচ্চ ৫ শতাংশ হারে কর নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ হাউস অ্যান্ড ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশন (প্রস্তাবিত)।


রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আজ শনিবার এক সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছে নতুন এই সংগঠনটি। এতে লিখিত বক্তব্য পড়েন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. হেলাল উদ্দিন। তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের বর্তমান সহসভাপতি।

২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বাড়িওয়ালাদের ভাড়ার টাকা ব্যাংক হিসাবে জমা নেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তবে যেসব বাড়িওয়ালা মাসে ২৫ হাজার টাকার কম ভাড়া পান, তাঁদের ভাড়া ব্যাংক হিসাবে নিতে হবে না।

সংবাদ সম্মেলনে হেলাল উদ্দিন দাবি করেন, ঢাকা সিটি করপোরেশনের পক্ষ থেকে ওয়ার্ডভিত্তিক বাড়িভাড়ার হার নির্ধারিত আছে। ওই হারের সর্বোচ্চ ৫ শতাংশ হারে কর নির্ধারণ করলে সরকার বছরে পাঁচ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করতে পারবে। আর ব্যাংকের মাধ্যমে বাড়িভাড়া বাধ্যতামূলক করলে এবং কর আদায় করলে তা শেষ পর্যন্ত বাড়িভাড়ার সঙ্গেই যুক্ত হবে। এতে ভাড়াটিয়ারা চাপে পড়বেন। তিনি বলেন, বাড়তি কর ভাড়াটিয়ার পক্ষে বহন করা কঠিন হবে। আবার আয়কর পরিশোধ থেকে রেহাই পেতে বাড়ির মালিক, ভাড়াটিয়া ও রাজস্ব কর্মকর্তাদের মধ্যে একটি অশুভ আঁতাত সৃষ্টির আশঙ্কা রয়েছে।

অবশ্য ঢাকার সব এলাকায় সিটি করপোরেশনের নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েক গুণ বেশি ভাড়া আদায় করেন বাড়ির মালিকেরা। তাহলে এ দাবি নৈতিকভাবে গ্রহণযোগ্য কি না? সংবাদ সম্মেলনে উপস্থিত এক সাংবাদিকের এ প্রশ্নের জবাবে হেলাল উদ্দিন সুস্পষ্ট কোনো উত্তর দেননি। তবে তিনি স্বীকার করেন, সিটি করপোরেশনের ভাড়ার তালিকা বাস্তবায়ন হয় না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মালিবাগ বাগানবাড়ি কল্যাণ সমিতির সভাপতি রেজাউল ইসলাম, ঢাকা মহানগর সমিতির মহাসচিব আবু মোতালেব, মগবাজার সোনালীবাগ সমাজকল্যাণ সংসদের সভাপতি মাসুদ কাদের, আবদুস সালাম নামে পুরান ঢাকার একজন বাড়িওয়ালা প্রমুখ। তাঁরা সবাই অ্যাসোসিয়েশনের সদস্য।

অ্যাসোসিয়েশন কবে গঠিত হয়েছে—জানতে চাইলে মাসুদ কাদের ও রেজাউল ইসলাম বলেন, বাজেট ঘোষণার পর হঠাত্ করেই এই সংগঠনটি করা হয়েছে। বর্তমানে সদস্য সংখ্যা ১৭। এই সংখ্যক সদস্য রাজধানীর লাখ লাখ বাড়িওয়ালার প্রতিনিধিত্ব করে কি না, সে বিষয়ে তাঁদের বক্তব্য, ‘ধীরে ধীরে হয়ে যাবে’।