ব্যাংকে লোক নিয়োগে মন্ত্রণালয়ের নীতিমালা অনুসরণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকবল নিয়োগের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা মেধার মানক্রম (গ্রেডিং) অনুসরণে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার জারি করা এক সার্কুলারের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।প্রচলিত গ্রেডিং পদ্ধতির সঙ্গে আগের পদ্ধতির সমতাকরণের জন্য শিক্ষা মন্ত্রণালয় ২০০৯ সালের ২ জুন একটি প্রজ্ঞাপন জারি করে। চলতি বছরের ২ মার্চ আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে এসএসসি ও এইচএসসির ক্ষেত্রে সমতাকরণের নির্দেশনা পরিবর্তন করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী এসএসসি ও এইচএসসির ক্ষেত্রে আগের প্রথম বিভাগের সমমান জিপিএ-৩ বা তার চেয়ে বেশি, দ্বিতীয় বিভাগের সমমান জিপিএ-২ থেকে ৩-এর কম এবং তৃতীয় বিভাগের সমমান জিপিএ-১ থেকে ২-এর কম নির্ধারণ করা হয়েছে।অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ৪ বা ৫ স্কেলে সিজিপিএ দেওয়া হলে ৬০ শতাংশ বা তার চেয়ে বেশি নম্বরকে প্রথম শ্রেণী, ৪৫ শতাংশ বা তার চেয়ে বেশি; কিন্তু ৬০ শতাংশের কম নম্বরকে দ্বিতীয় শ্রেণী এবং ৩৩ শতাংশ বা তার চেয়ে বেশি; কিন্তু ৪৫ শতাংশের কম নম্বরকে তৃতীয় শ্রেণীর সমতুল্য মানক্রম নির্ধারণ করা হয়েছে।কিন্তু অভিযোগ রয়েছে ব্যাংকগুলোতে নিয়োগের ক্ষেত্রে প্রচলিত গ্রেডিং পদ্ধতির (জিপিএ বা সিজিপিএ) সঙ্গে সনাতন পদ্ধতির (বিভাগ বা শ্রেণী) সমতাকরণের নীতিমালা মানা হচ্ছে না।একটি সূত্র জানায়, বেশ কয়েকজন ভুক্তভোগী বাংলাদেশ ব্যাংকে অভিযোগ করেছেন, নিয়োগের ক্ষেত্রে একেক ব্যাংক একেক রকম করে সমতাকরণ করছে। এতে অনেকেই যোগ্যতা থাকা সত্ত্বেও নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ারই সুযোগ পাচ্ছেন না। ব্যাংকগুলো যাতে ভবিষ্যতে এ ধরনের ভুল আর না করে, সে জন্য বাংলাদেশ ব্যাংক গতকাল একটি সার্কুলারের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নীতিমালা অনুসরণের নির্দেশ দেয়।