ব্যাংকে ১০ টাকার হিসাব খুলতে কৃষকের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি খাদ্যগুদামে ধান দিতে কৃষককে ব্যাংকে ১০ টাকার হিসাব নম্বর খুলতে হয়। কুড়িগ্রামে সেই হিসাব খুলতে গিয়ে কৃষকেরা ভোগান্তির শিকার হচ্ছেন। দূরদূরান্ত থেকে ব্যাংকে এসে অনেক কৃষককে ফিরে যেতে হচ্ছে।
সরকারের নির্দেশনা উপেক্ষা করে জনতা ও অগ্রণী ব্যাংক কুড়িগ্রাম শাখা ১০ টাকার হিসাব নম্বর খুলতে কৃষকদের কাছ থেকে বাড়তি টাকা নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এলাকার কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বোরো মৌসুমে সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের উদ্যোগ নেয়। ধানের টাকা কৃষককে ব্যাংক হিসাব নম্বরের মাধ্যমে সরকার পরিশোধ করবে। সে অনুযায়ী ব্যাংকে হিসাব নম্বর খুলতে এসে সাধারণ কৃষক চরম হয়রানি ও বিড়ম্বনার শিকার হচ্ছেন। শুনতে হচ্ছে নানা কটূক্তি ও গালিগালাজ। দিনের পর দিন ব্যাংকে ধরনা দিয়েও হিসাব নম্বর খুলতে না পেরে অনেক কৃষক হতাশ।
সদর উপজেলার ভোগডাঙ্গব ইউনিয়নের কৃষক রফিকুল ইসলাম, হাসেম আলী ও মতিয়ার রহমান বলেন, ‘হিসাব খোলার জন্য দুই দিন থেকে ঘুরছি, ব্যাংকওয়ালারা পাত্তাই দিচ্ছে না। হামার ধান দেওয়ার হাউস মিটি গেইছে।’ উপজেলার ঘোগাদহ ইউনিয়নের কৃষক সুভাষ চন্দ্র বলেন, ‘গত চার দিন আগে ব্যাংক থেকে কৃষি হিসাব নম্বরের ফরম নিয়েছি। ব্যাংক তিন দিন ধরে ঘোরাচ্ছে, ফরম জমা নিচ্ছে না।’
গত মঙ্গলবার সকালে ব্যাংক দুটিতে দেখা যায় প্রচণ্ড ভিড়। দূরদূরান্ত থেকে কৃষকেরা হিসাব খুলতে এসেছেন। এ সময় কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন, তাঁদের জনতা ব্যাংক শাখার কর্মকর্তা শাহজাহান আলী ও আলতাফ হোসেন বলেছেন, ‘এসব হিসাব খোলার সময় ব্যাংকের নেই। তোমরা সারা দিন বসে থাকলেও কাজ হবে না। আমাদের অনেক কাজ আছে।’
ঘোগাদহ ইউনিয়নের আহমদ আলী ও দিনেশ বলেন, সরকার ১০ টাকা দিয়ে ব্যাংক হিসাব নম্বর খোলার কথা বললেও ব্যাংক ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত নিচ্ছে। প্রতিদিন বাড়ির কাজ ফেলে ব্যাংকে যাতায়াত করতে অনেক সময় ও টাকা ব্যয় হচ্ছে। অনেকে চলে গেছে।
সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুর রহমান বলেন, ‘ব্যাংক হিসাব নম্বরে কৃষকেরা তাঁদের ধানের ন্যায্য দাম পাবে। সে হিসাব নম্বর খুলতে এসে এক সপ্তাহ ধরে ব্যাংকে আসা-যাওয়া করতে করতে কৃষকেরা কাহিল। বিষয়টি সমাধানে উপজেলা প্রশাসনকে আমরা অনুরোধ জানিয়েছি।’
এ ব্যাপারে জনতা ব্যাংক কুড়িগ্রাম শাখার এজিএম নবীবুর রহমান বলেন, কৃষকদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়ার প্রশ্নই ওঠে না। তবে কৃষকেরা নিজেরাই ২০০, ৩০০ বা ৫০০ টাকা দিয়ে হিসাব নম্বর খুলছেন। গত সোমবার হিসাব খোলা হয়েছে ৪০টি। আর ১০ জুন থেকে গত মঙ্গলবার পর্যন্ত ১৪৪৬৮ থেকে ১৪৭৪৭ নম্বর পর্যন্ত মোট ২৭৯ জনের হিসাব খোলা হয়েছে। এ সময় ব্যাংকে হিসাব খোলার এমন ধীরগতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মাঝে কয়েক দিন ফরম ছিল না, এখন সে সমস্যা নেই। কৃষকেরা ব্যাংকের এ হিসাবে ভবিষ্যতে স্বাভাবিক লেনদেনও করতে পারবেন। অন্যান্য ব্যাংকের চেয়ে আমাদের এখানে চাপটা বেশি। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্যাংকে ইউনিয়ন ভাগ করে দিলে চাপটা কমে যেত।’
অগ্রণী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা নুরুজ্জামান রাজু ও হিসাব কর্মকর্তা শেখ সাদি বলেন, অনলাইনের মাধ্যমে হিসাব খুলতে হয়। প্রতিদিন ৩৫টার বেশি করা যায় না। কিন্তু অধিকসংখ্যক কৃষক আসায় এ সমস্যা হচ্ছে।
সদর উপজেলা খাদ্য পরিদর্শক হামিদুল ইসলাম ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইউনুস আলী বলেন, এবার সদর উপজেলার একটি পৌরসভাসহ ৮টি ইউনিয়নের ২০০ থেকে ৪০০ কৃষকের কাছ থেকে ধান নেওয়া হবে।