দেশের রাষ্ট্র মালিকানাধীন চারটি ব্যাংকের অলাভজনক শাখাগুলো বন্ধ না করার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। এসব শাখাকে কীভাবে লাভজনক করা যায় সে ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেছে কমিটি।গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির এক সভায় এ সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি আ ন হ মোস্তফা কামাল সভায় সভাপতিত্ব করেন।সভায় জানানো হয়, দেশে সোনালী ব্যাংকের এক হাজার ১৮৪টি শাখা রয়েছে। এর মধ্যে গ্রামাঞ্চলে শাখা রয়েছে ৮৪১টি। এ ছাড়া জনতা ব্যাংকের ৮৪৬, অগ্রণী ব্যাংকের ৮৬৭ এবং রূপালী ব্যাংকের ৪৯২টি শাখা রয়েছে। সভায় ব্যাংকগুলোর বিভিন্ন শাখায় অস্থায়ী পদে থাকা লোকবলকে প্রয়োজন অনুযায়ী স্থায়ী নিয়োগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।বৈঠক শেষে কমিটির সভাপতি আ ন হ মোস্তফা কামাল বলেন, রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর বিভিন্ন সমস্যা রয়েছে। মূলধন পর্যাপ্ত নয়। তবে গ্রামের সাধারণ মানুষের আস্থার প্রতীক এসব ব্যাংক একেবারে তৃণমূল পর্যন্ত মানুষের কাছে সেবা পৌঁছে দিচ্ছে। তিনি বলেন, ‘রূপালী ব্যাংক ইতিমধ্যে পুঁজিবাজারে আছে, তবে এখন আরও ব্যাপক আকারে নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে। অতীতে এই ব্যাংককে পানির দামে বিক্রির ষড়যন্ত্র করা হয়েছিল। আমরা চেষ্টা করছি সবগুলো ব্যাংককে লাভের দিকে নিয়ে আসার।’