ব্যাংকের কার্ড জালিয়াতি তদন্ত করবে ডিবি
বেসরকারি তিন ব্যাংকের কার্ড জালিয়াতি ঘটনার তদন্তে নেমেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তভার পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) গত শুক্রবার বনানী থানায় মামলা করে। এই মামলায় গতকাল সোমবার পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, এরই মধ্যে ডিবি পুলিশ ছায়া তদন্ত শুরু করেছে। মামলার পূর্ণ তদন্তভার ডিবিতে হস্তান্তর করা হবে।
ইউসিবির দায়ের করা মামলার এজাহারের সঙ্গে জালিয়াতির ঘটনার তথ্যপ্রমাণ হিসেবে ভিডিওচিত্রও দাখিল করা হয়। যেখানে ব্যাংকটির বনানীর একটি এটিএম বুথে ‘স্কিমিং ডিভাইস’ বসিয়ে গ্রাহকের কার্ডের ব্যক্তিগত গোপন তথ্য চুরির প্রমাণ রয়েছে। ভিডিওচিত্রের প্রমাণ অনুযায়ী, একজন বিদেশির এ ঘটনায় জড়িত থাকার কথা বলেছে ব্যাংকটি।
শুক্রবার জালিয়াতির ঘটনা জানাজানি হওয়ার পর থেকে বাংলাদেশ ব্যাংকও তদন্ত করছে। সংস্থাটি গতকাল জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় বেসরকারি তিনটি ব্যাংকের চারটি এটিএম বুথে স্কিমিং ডিভাইস বসিয়ে গ্রাহকের তথ্য চুরির ঘটনা ঘটেছে। যদিও রোববার বাংলাদেশ ব্যাংক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল, তিন ব্যাংকের ছয়টি বুথে এ ধরনের ঘটনা ঘটেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা গতকাল বলেন, ‘সব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আমরা নিশ্চিত হয়েছি, তিন ব্যাংকের চার বুথ থেকে যন্ত্র বসিয়ে গ্রাহকের গোপন তথ্য চুরি করা হয়েছে।’
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রায় ২০০ গ্রাহকের কার্ডের তথ্য চুরি করা হয়েছে। যদিও সব কার্ড জাল করে টাকা তোলার ঘটনা ঘটেনি।
বাংলাদেশ ব্যাংকসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেসরকারি ইস্টার্ন, সিটি ও ইউসিবি ব্যাংকের এটিএমে এই জালিয়াতির ঘটনা ঘটে। এর মধ্যে ইস্টার্ন ব্যাংকের গুলশানের দুটি, ইউসিবির বনানীর একটি ও সিটি ব্যাংকের মিরপুরের কালশী এলাকার এটিএম বুথে বিশেষ যন্ত্র বসানো হয়।
জানতে চাইলে পুলিশের গুলশান অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, তদন্ত চলছে। ভিডিওচিত্রে ঘটনার সঙ্গে জড়িত যে বিদেশির ছবি রয়েছে, তার বিস্তারিত পরিচয় খুঁজে বের করার চেষ্টা চলছে।
এদিকে কার্ডের তথ্য জালিয়াতি করে গ্রাহকের অজান্তে তাঁদের হিসাব থেকে টাকা তুলে নেওয়ার ঘটনা প্রতিরোধে ব্যাংকগুলোকে এক মাসের মধ্যে জালিয়াতি প্রতিরোধক যন্ত্র বসানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সিটি ব্যাংকের বুথে স্কিমিং ডিভাইস বসানোর কাজে একজন বিদেশির সঙ্গে একজন বাংলাদেশিকেও দেখা যায়। তবে অন্য দুটি ব্যাংকের বুথে একজন বিদেশিই এ কাজ করেছেন।
ইবিএলের বুথে একাধিক দিন বসানো হয় যন্ত্র: ব্যাংকটির গুলশানের লায়লা টাওয়ার ও গুলশান-২-এর বুথে স্কিমিং ডিভাইস বসিয়ে গ্রাহকের তথ্য চুরি করা হয়। নির্ভরযোগ্য দায়িত্বশীল একাধিক সূত্রে জানা গেছে, ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি ভিন্ন ভিন্ন সময়ে লায়লা টাওয়ারের বুথে স্কিমিং ডিভাইস বসানো ও খুলে নেওয়ার ঘটনা ঘটে। ৮ ফেব্রুয়ারি দুপুর ১২টা ১৪ মিনিটে ডিভাইসটি বসিয়ে রাত ৮টায় খুলে নেওয়া হয়। ৯ ফেব্রুয়ারি বেলা ১১টা ৩৪ মিনিটে বসিয়ে রাত ৮টা ২২ মিনিটে এবং ১০ ফেব্রুয়ারি বেলা ১১টা ২৩ মিনিটে বসিয়ে রাত ৯টা ৮ মিনিটে খুলে নেওয়া হয়। এই তিন দিনে ডিভাইসটি স্থাপিত অবস্থায় বুথটিতে ৯২টি কার্ডে লেনদেন হয়েছে।
ইবিএল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি করে ক্লোন কার্ড বানিয়ে অন্য ব্যাংকের বুথ থেকে ২১ জন গ্রাহকের হিসাব থেকে টাকা তুলে নেওয়ার ঘটনা ঘটেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা: কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের জারি করা নির্দেশনায় বলা হয়, নতুনভাবে যেসব এটিএম বুথ স্থাপন করা হবে, তাতে জালিয়াতি প্রতিরোধক অ্যান্টি-স্কিমিং ও পিন শিল্ড ডিভাইস থাকতে হবে। আর পুরোনো বুথগুলোতে এক মাসের মধ্যে এসব যন্ত্র বসাতে হবে। পাশাপাশি এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের মোবাইল ফোনে এসএমএস সংকেত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে বিভিন্ন ব্যাংকের প্রায় সাত হাজার এটিএম বুথ রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, এটিএম বুথের নিরাপত্তায় নিয়োজিত নিরাপত্তাকর্মীদের জালিয়াতি প্রতিরোধে করণীয় বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া টুপি, সানগ্লাস পরে ও ব্যাগ নিয়ে কোনো গ্রাহক বুথে ঢুকলে তাঁদের বিষয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। সেই সঙ্গে এটিএম বুথের লেনদেনের ভিডিওচিত্র প্রতিদিন যথাযথভাবে পর্যবেক্ষণ করতে হবে। নিয়মিতভাবে দৈবচয়নের ভিত্তিতে বুথগুলো নিরীক্ষা করে মাসিক ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকে নিরীক্ষা প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।