ব্যাংকের গাফিলতিতে গত মাসের বেতন পাননি ১১ শিক্ষক-কর্মচারী
রাজশাহীর বাগমারার পীরগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ১১ জন শিক্ষক ও কর্মচারী গত মাসের বেতন তুলতে পারেননি। সোনালী ব্যাংক কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির বিল ছাড় না দেওয়ায় বিপাকে পড়েছেন শিক্ষক-কর্মচারীরা। ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশ থাকায় তাঁদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না।
উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, বাগমারার সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা সোনালী ব্যাংকের ভবানীগঞ্জ শাখার মাধ্যমে পরিশোধ করা হয়। সাধারণ শাখার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা গত ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা পেলেও কারিগরি শাখার স্মারক গত ২ মার্চ এসে পৌঁছে। তবে গত ১৪ ফেব্রুয়ারি ছিল বিল জমা দেওয়া ও বেতন-ভাতা উত্তোলনের শেষ দিন। কারিগরি শাখার স্মারক পৌঁছানোর পর পীরগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এমপিওভুক্ত ১৩ জন শিক্ষক-কর্মচারীর বেতন বিলের কাগজপত্র প্রস্তুত করে সোনালী ব্যাংকের ওই শাখাতে পাঠানো হয়। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ তা গ্রহণ না করে ফেরত পাঠায়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল আজিজ বলেন, কয়েক দফা ব্যাংকের ওই শাখাতে যোগাযোগ করে সর্বশেষ গত বৃহস্পতিবার বেতন বিল জমা নেওয়ার ব্যবস্থা করা হয়। ওই দিন বিকেল পর্যন্ত মাত্র দুজন শিক্ষককে বেতন দেওয়ার পরই সিদ্ধান্ত পরিবর্তন করে ব্যাংক কর্তৃপক্ষ। বিকেল ৫টা পর্যন্ত ১১ জন শিক্ষক-কর্মচারীকের ব্যাংকে অপেক্ষায় রেখে জানানো হয়, তাঁদের বিষয়ে ইউএনওর সঙ্গে কথা বলে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে বেতন-ভাতা উত্তোলন করতে না পারায় বিপাকে পড়েছেন কলেজের ওই ১১ জন শিক্ষক-কর্মচারী। ওই প্রতিষ্ঠানের এমএলএসএস আলাউদ্দিন বলেন, বেতন-ভাতা না পেয়ে কষ্টে আছেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন শিক্ষক বলেন, বেতনের টাকা দিয়ে তাঁদের সংসার খরচ চলে। এখন বাকিতে প্রয়োজনীয় কেনাকাটা করতে হচ্ছে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মস্তাফিজুর রহমান বলেন, বিলের সঙ্গে কমিটিসহ প্রয়োজনীয় কাগজপত্র যুক্ত করে জমা দিলেই ব্যাংক টাকা দেবে এটাই নিয়ম। তবে কী কারণে বেতন-ভাতা দেওয়া হচ্ছে না তা তিনি জানেন না।
সোনালী ব্যাংক ভবানীগঞ্জ শাখার দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক আবদুল বারি বলেন, ‘ইউএনও স্যার ফোনে এই বিষয়ে নিষেধ করেছেন, তাই বেতন দেওয়া হয়নি।’ প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরও বেতন-ভাতা আটকে রাখা ঠিক কি না, এমন প্রশ্নের জবাব না দিয়ে তিনি বলেন, এ বিষয়ে সামনাসামনি কথা হবে। তবে ইউএনও নাছরিন আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর স্বাক্ষর জাল করে বেতনের বিল জমা দেওয়া হবে, এমন অভিযোগ আসার পর তা খতিয়ে দেখার জন্য ব্যাংকের ব্যবস্থাপককে বলা হয়েছে। বেতন আটকাতে বলা হয়নি। এ বিষয়ে তিনি ব্যাংকের ব্যবস্থাপকের সঙ্গে কথা বলবেন।