ব্যাংকের চুরি হওয়া টাকা মিলল চালের বস্তায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের প্রধান শাখায় চুরির জন্য প্রায় দুই বছর ধরে সুড়ঙ্গ খুঁড়েছেন মো. হাবিব ওরফে সোহেল (৩০)। ওই শাখা থেকে গত শুক্রবার রাতে প্রায় সাড়ে ১৬ কোটি টাকা চুরিও করেন। ওই টাকা বস্তায় ভরে চালের বস্তার সঙ্গে ট্রাকে তুলে ঢাকায় নিয়ে আসেন শনিবার। টাকাসহ র‌্যাবের হাতে ধরা পড়লেন গতকাল মঙ্গলবার।
গ্রেপ্তারের পর হাবিব এসব কথা বলেছেন বলে জানান র‌্যাবের কর্মকর্তারা। দুপুরে রাজধানীর কদমতলী থানাধীন বালুর মাঠসংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তারের পর সন্ধ্যায় কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করে র‌্যাব। তাঁর সঙ্গে ইদ্রিস নামের একজনকেও গ্রেপ্তার করা হয়।
ব্রিফিংয়ে জানানো হয়, টাকা চুরির পর হাবিব বালুর মাঠসংলগ্ন এলাকায় যে বাসা ভাড়া নিয়েছিলেন, সেখান থেকে উদ্ধার করা হয়েছে পাঁচটি বস্তায় ভরা ১৬ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা। ব্রিফিংয়ে র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান বলেন, প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন কৌশল কাজে লাগিয়ে হাবিবের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় র‌্যাব। সোনালী ব্যাংক কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ব্যাংকের কিশোরগঞ্জ প্রধান শাখার ভল্ট থেকে ১৬ কোটি ৪০ লাখ টাকা চুরি হয়েছে। হাবিব জিজ্ঞাসাবাদে বাকি টাকা বিভিন্ন কাজে খরচ করার কথা জানিয়েছেন। তাঁর এ বক্তব্য এবং ওই টাকাই চুরি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
মোখলেছুর রহমান বলেন, চুরির সঙ্গে সোনালী ব্যাংকের ওই শাখার কর্মকর্তা-কর্মচারীদের সম্পৃক্ততা আছে কি না, তা অধিকতর তদন্ত করে দেখা হবে। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমানসহ কয়েকজন কর্মকর্তা। মোস্তাফিজুর রহমান টাকা উদ্ধার হওয়ায় র‌্যাবসহ সংশ্লিষ্ট সবাইকে ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ওই ঘটনায় সোনালী ব্যাংক কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি সবকিছু খতিয়ে দেখবে।
রোববার ওই শাখার কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংকে গিয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন। ওই শাখার কিছু দূরের একটি বাড়ি থেকে ব্যাংকের ভল্ট পর্যন্ত সুড়ঙ্গ খুঁড়ে ওই টাকা চুরি করা হয়। এই চুরির উদ্দেশ্যে হাবিব সোহেল মিয়া নামে পরিচয় দিয়ে প্রায় দুই বছর আগে ওই আধা পাকা বাড়ির একাংশ ভাড়া নিয়েছিলেন। ওই চুরির ঘটনায় ব্যাংকের ১২ জন কর্মকর্তা-কর্মচারীকে আটক করে পুলিশ।
চুরির পরিকল্পনা যেভাবে: র‌্যাব জানায়, হাবিবের গ্রামের বাড়ি পটুয়াখালীতে। ২০০৮ সালে তিনি শ্রমিক হিসেবে দুবাই যান। ২০১১ সালে দেশে ফেরেন। এরপর কিশোরগঞ্জের নগুয়া এলাকায় বসবাস শুরু করেন। হাবিব জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, এক ব্যক্তিকে তিনি ব্যবসার কাজে পাঁচ লাখ টাকা দিয়েছিলেন। পরে ওই টাকা চাইলে ওই ব্যক্তি টাকা না দিয়ে তাঁকে ব্যাংক লুটের পরামর্শ দেন। ওই পরামর্শে তিনি ব্যাংকের পাশে আড়াই হাজার টাকায় ওই বাড়ির একাংশ ভাড়া নিয়ে সুড়ঙ্গ খোঁড়া শুরু করেন। দিনের বেলা অল্প অল্প করে সুড়ঙ্গ খুঁড়েছেন। দিনে রাস্তায় যানবাহনের শব্দের কারণে খোঁড়ার শব্দ বাইরে যেত না। দিনের কাজ শেষে চলে যেতেন নগুয়ার বাসায়। তিনি ওই শাখার কর্মচারী আবু বকরের সঙ্গে সখ্য গড়ে তোলেন, তাঁর কাছ থেকে ব্যাংক সম্পর্কে বিভিন্ন তথ্য নিতেন।
র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে হাবিব জানিয়েছেন, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তিনি ব্যাংকের পাকা মেঝে কেটে ভল্টে ঢুকে দেখেন, টেবিলে বান্ডিল বান্ডিল টাকা। এরপর তিনি সুড়ঙ্গ দিয়ে ঘরে যান। রাত সাড়ে ১০টার দিকে আট-নয়টি বস্তা নিয়ে আবারও ব্যাংকে ঢোকেন। বস্তাগুলোতে টাকা ভরে সুড়ঙ্গ দিয়ে ঘরে ফেরেন। পরে বস্তা থেকে টাকা বের করে এক হাজার ও ৫০০ টাকার নোটের বান্ডিল আলাদা করে পাঁচটি বস্তায় ভরেন। এসব করতে রাত আড়াইটা বেজে যায়। ভোরে রিকশায় টাকার বস্তাগুলো তুলে একটি চালের দোকানে যান। প্রায় পাঁচ লাখ টাকা দিয়ে ২৩০ বস্তা চাল কেনেন। সাড়ে ১২ হাজার টাকায় ঢাকা পর্যন্ত একটি ট্রাক ভাড়া করে টাকা ও চালের বস্তা ওঠান। ট্রাকের সহযোগী টাকার অস্তিত্ব টের পাওয়ায় মাঝপথে তাঁকে সাত লাখ টাকা দেন। সন্ধ্যার পর ট্রাক নিয়ে শ্যামপুরে এসে কদমতলীর বালুর মাঠসংলগ্ন একটি বাসা ভাড়া করেন। আট বস্তা চাল ও টাকার বস্তাগুলো নিয়ে ওই বাসায় ওঠেন। বাকি চালের বস্তা একটি ওরসে পাঠান। রোববার পূর্বপরিচিত ইদ্রিছকে ফোন করে ওই বাসায় নেন।
কিশোরগঞ্জে স্বস্তি: কিশোরগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক জানান, হাবিবসহ দুজনকে গ্রেপ্তার ও ব্যাংকের চুরি হওয়া টাকা উদ্ধারের খবরে শহরে স্বস্তি নেমে আসে।