ব্যাংকের টাকা আত্মসাতের মামলা তদন্তে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ব্যাংকের বরিশাল শাখা থেকে ছয় কোটি ৪৫ লাখ ৫৫ হাজার ৭২৬ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলা তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক ঢাকা কার্যালয় গত ২৩ মার্চ বরিশাল কার্যালয়ের উপপরিচালক সুভাষ চন্দ্র দত্তকে এই দায়িত্ব দেয়।
গতকাল সোমবার সুভাষ চন্দ্র দত্ত জানান, ২০১০ সালের ১৬ মে থেকে ২০১৩ সালের ৮ জুলাই পর্যন্ত ঢাকা ব্যাংক বরিশাল শাখা থেকে ছয় কোটি ৪৫ লাখ ৫৫ হাজার ৭২৬ টাকা আত্মসাৎ করা হয়েছে। ভুয়া ব্যাংক নিশ্চয়তাপত্র ও ঠিকাদারি কাজের কার্যাদেশ তৈরি করে ঋণ খাত থেকে ওই টাকা আত্মসাৎ করা হয়েছে।
সুভাষ চন্দ্র দত্ত আরও জানান, ২০১৩ সালে অর্থ আত্মসাতের ঘটনা ধরা পড়ার পর বরিশাল কার্যালয়ের তৎকালীন কর্মকর্তা এ এইচ এম আসাদুজ্জামান (৪৩) ও হুমায়ুন কবীরকে (৩৪) ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে বদলি করা হয়।
কেন্দ্রীয় কার্যালয়ে যোগদান করে তাঁরা আত্মগোপনে চলে যান। এ ঘটনায় ব্যাংকের বরিশাল শাখার বর্তমান ব্যবস্থাপক মালেক হাওলাদার বাদী হয়ে ২০১৩ সালের ৬ আগস্ট আত্মগোপনে থাকা দুই কর্মকতার বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। মামলাটি কোতোয়ালি থানা থেকে দুদক বরিশাল কার্যালয়ে পাঠানো হয়। দুদক মামলাটি তদন্তের জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ করেছে।