ব্যাংকের টাকা বহনকারী বাস দুর্ঘটনায়, ৭ পুলিশ আহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ব্যাংকের ৫০ কোটি টাকা বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা দিলে পুলিশের সাত সদস্যসহ আহত হয়েছেন আটজন। গতকাল সোমবার বেলা ১১টায় গোলাকান্দাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন: ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনের আর্মড পুলিশের্র সদস্য মঞ্জুর ইসলাম, মোসলেউদ্দিন, জসিমউদ্দিন, সুমন, শাহীন ইসলাম, আবুল হোসেন, হাসান সিকদার ও বাসের হেলপার মালন।রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখা থেকে ২০টি কার্টনে ট্রেজারির ৫০ কোটি টাকা একটি বাসে করে পুলিশ পাহারায় বাংলাদেশ ব্যাংকে পাঠানো হচ্ছিল। বাসে পুলিশের ২৫ জন সদস্য ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে সাওঘাট এলাকায় পৌঁছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়। এ সময় পুলিশের আটজন সদস্য আহত হন। খবর পেয়ে রূপগঞ্জ থানার পুলিশ গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে টাকাগুলো অন্য একটি বাসে করে বাংলাদেশ ব্যাংকে পৌঁছে দেওয়া হয়।ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার (এসপি) শেখ নাজমূল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।