ব্যাংক ডাকাতির ঘটনায় দুটি কমিটি
যশোরে অবস্থিত অগ্রণী ব্যাংক লিমিটেডের রাজারহাট শাখার ভল্টের তালা কেটে ডাকাতির ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে স্থানীয় কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে অস্ত্রের মুখে ব্যাংকের দুই প্রহরীকে জিম্মি করে দুর্বৃত্তরা ২১ লাখ ৮ হাজার টাকা নিয়ে গেছে।
জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের দুই প্রহরীকে পুলিশ আটক করেছে। দুজনই আনসারের সদস্য। তাঁরা হলেন খুলনার বটিয়াঘাটা উপজেলার বিশ্বজিৎ রায় (২৪) ও কাঁঠালতলা গ্রামের সাইদুল ইসলাম (২৩)।
ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাব, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও ইনভেস্টিগেশন অব পুলিশ ব্যুরোর (পিবিআই) সদস্যরা আজ শুক্রবার সকালে ব্যাংকের ওই শাখা পরিদর্শন করেছেন।
ঘটনা তদন্তে অগ্রণী ব্যাংক যশোর শাখার সহকারী মহাব্যবস্থাপক মৃণাল কান্তি বকসিকে প্রধান করে তিন সদস্যের একটি স্থানীয় কমিটি এবং সদর দপ্তরের উপমহাব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামানকে প্রধান করে কেন্দ্রীয়ভাবে দুই সদস্যের আরেকটি কমিটি গঠন করা হয়েছে।
ব্যাংকের রাজারহাট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার নারায়ণ চন্দ্র পাল প্রথম আলোকে বলেন, ‘রাতে মুখোশ পরা অবস্থায় ৫/৬ জনের ডাকাত দল জানালার গ্রিল কেটে ব্যাংকের ভেতর ঢোকে। ডাকাতেরা অস্ত্রের মুখে হাত-পা ও মুখ বেঁধে ব্যাংকের দুই প্রহরীকে জিম্মি করে ব্যাংকের ভল্ট কেটে ২১ লাখ ৮ হাজার টাকা নিয়ে গেছে। এ সময় তারা ভল্টের ভেতরে রাখা ব্যাংকের একটি একনলা বন্দুক রেখে এর পাঁচটি গুলি নিয়ে গেছে।’
এ ব্যাপারে জানতে চাইলে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাছ আলী বলেন, ‘সংঘবদ্ধ একটি ডাকাত দল পরিকল্পিতভাবে ব্যাংকে ডাকাতি করেছে। ডাকাতির ধরন দেখে ধারণা করা হচ্ছে, চক্রটি ব্যাংক ডাকাতিসহ বড় ধরনের অপরাধের সঙ্গে জড়িত।’
ওসি অভিযোগ করেন, স্থানীয় ব্যাংকে ১০ লাখের বেশি টাকা মজুত রাখলে কেন্দ্রীয় ব্যাংকে তথ্য দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ সে নিয়ম মানেনি। যে কারণে ঈদের আগে এ ধরনের একটি ডাকাতির ঘটনা ঘটেছে।
ওসির অভিযোগের ব্যাপারে জানতে মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও নারায়ণ চন্দ্রকে পাওয়া যায়নি। তবে অগ্রণী ব্যাংক খুলনা সার্কেল অফিসের উপমহাব্যবস্থাপক শেখর চন্দ্র বিশ্বাসের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি জানানোর দায়িত্ব স্থানীয় ব্যাংকের ব্যবস্থাপকের। তিনি সেটি করেছেন কি না, আমার জানা নেই।’
শেখর চন্দ্র বিশ্বাস আরও জানান, ব্যাংকে ডাকাতির ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে তদন্তের জন্য স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছে।
সরেজমিন দেখা গেছে, ব্যক্তি মালিকানাধীন একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় অগ্রণী ব্যাংকের এ শাখা কার্যালয়টি অবস্থিত। ব্যাংকের টাকা রাখা ভল্টের লোহার ফটকে তালা লাগানোর দুটি স্থানে গ্যাসের আগুন দিয়ে কাটা রয়েছে। ভল্টের ফটকের সামনের একটি জানালার গ্রিল কাটা। ওই জানালার গ্রিলে বাঁধা একটি মোটা রশি নেমে গেছে নিচের দিকে। নিচে গিয়ে দেখা গেল, দুটি সিলিন্ডার পড়ে আছে। একটি গ্যাসের, অপরটি অক্সিজেনের। পাশে পড়ে আছে ওয়েল্ডিং করার যন্ত্র। ব্যাংকের ওই ভবনের ওপর ও নিচতলায় অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট রয়েছে। একই ভবনে রয়েছে আবাসন-ব্যবস্থা, যে কারণে ওই ভবনে নিরাপত্তার বিষয়টি একেবারে উপেক্ষিত।
এ বিষয়ে জানতে চাইলে ঘটনাস্থলে থাকা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) উপপরিচালক কাওছার হোসেন প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের ডাকাতি প্রতিরোধ করার জন্য ব্যাংকের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে হবে।’