ব্যাংকের পরিদর্শক ও মোটরসাইকেলের চালক নিহত
যশোর সদর উপজেলার হাটবিলা এলাকায় যশোর-খুলনা মহাসড়কে গতকাল মঙ্গলবার সকালে যাত্রীবাহী থ্রি-হুইলার উল্টে আবদুল গফফার নামের কৃষি ব্যাংকের এক পরিদর্শক নিহত হয়েছেন। একই দিন বরগুনার পাথরঘাটা উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় মো. পলাশ নামের এক মোটরসাইকেলচালক নিহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আবদুল গফফার বাংলাদেশ কৃষি ব্যাংক যশোর সদর উপজেলার রুপদিয়া শাখায় পরিদর্শক ছিলেন। তাঁর বাড়ি সদর উপজেলার শাখারীগাতি গ্রামে। থ্রি-হুইলারে করে তিনি শাখারীগাতি মোড় থেকে রুপদিয়ার দিকে আসার পথে হাটবিলা এলাকায় গাড়িটি সড়কের পাশে উল্টে পড়ে। এতে ছয় যাত্রী আহত হন। লোকজন তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। এর কিছুক্ষণ পর আবদুল গফফারের মৃত্যু হয়।
গতকাল সকাল সাড়ে সাতটার দিকে পাথরঘাটার জালিয়াঘাটা এলাকায় পাথরঘাটা-ঢাকা সড়কে সাকুরা পরিবহনের একটি বাস ভাড়ায়চালিত একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক মো. পলাশ নিহত হন। পাথরঘাটা থানার ওসি জিএম শাহনেওয়াজ বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।