ব্যাংকের বুথ থেকে টাকা উধাওয়ের ঘটনায় মামলা
‘স্কিমিং ডিভাইস’ বসিয়ে গ্রাহকের ব্যক্তিগত গোপনীয় তথ্য চুরি করে তারপর ক্লোন কার্ড বানিয়ে তা দিয়ে বেসরকারি ইস্টার্ন ব্যাংকের বেশ কিছু এটিএম কার্ডধারী গ্রাহকের হিসাব থেকে টাকা তুলে নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক তদন্তে এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা।
গ্রাহকের অজান্তে এটিএম কার্ড ব্যবহার করে টাকা তুলে নেওয়ার ঘটনায় রাজধানীর বনানী থানায় মামলা করেছে বেসরকারি ইউসিবি (ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক)। গত শুক্রবার রাতে এ মামলা করা হয়েছে বলে জানান পুলিশের গুলশান অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার রফিকুল ইসলাম। গতকাল শনিবার রাতে তিনি প্রথম আলোকে বলেন, মামলার অভিযোগের সঙ্গে ব্যাংকের পক্ষ থেকে ভিডিও চিত্রসহ বেশ কিছু তথ্য–প্রমাণও দাখিল করা হয়েছে। সেসব তথ্য–প্রমাণের ভিত্তিতে এ ধরনের জালিয়াতির সঙ্গে যুক্ত অপরাধীদের খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে।
জানা গেছে, ইউসিবির বনানী এলাকার কিছু এটিএমে এ ধরনের ডিভাইস বসিয়ে গ্রাহকের তথ্য চুরি করা হয়েছে। ইউসিবির এটিএম ব্যবহার করে ইস্টার্ন ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের কার্ডে টাকা উত্তোলনের সুযোগ রয়েছে। যেহেতু ইউসিবির এটিএমে ডিভাইস বসিয়ে গ্রাহকের তথ্য চুরির বিষয়টি প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে, তাই ওই ব্যাংকের পক্ষ থেকে এ ঘটনায় মামলা করা হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা গত রাতে প্রথম আলোকে বলেন, কয়েকটি ব্যাংকের নির্দিষ্ট কয়েকটি বুথে বিশেষ যন্ত্র (স্কিমিং ডিভাইস) বসিয়ে গ্রাহকের কার্ডসংক্রান্ত সব তথ্য বা ডেটা সংগ্রহ করা হয়। পরবর্তী সময়ে ক্লোন কার্ড তৈরি করে তা দিয়ে গ্রাহকের হিসাব থেকে টাকা তুলে নেওয়ার ঘটনা ঘটেছে।
ব্যাংক-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, স্কিমিং ডিভাইস যন্ত্রটির মাধ্যমে গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি করা হয়। এ যন্ত্রটি যে এটিএমে বসানো হবে ওই এটিএম যেসব কার্ড ব্যবহার হবে সেগুলোর ব্যক্তিগত তথ্য ডিভাইসে স্থানান্তর হয়ে যাবে।
এ কারণে সব ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি গ্রাহকের কার্ডের ব্যক্তিগত তথ্য চুরি যাওয়ার বিষয়টি ভালোভাবে যাচাই করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত শুক্রবারই এ নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি যদি কোনো গ্রাহকের কার্ডের ব্যক্তিগত তথ্য চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায় সে ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাহককে অবগত করে সাময়িকভাবে কার্ডগুলো নিষ্ক্রিয় করারও নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গত শুক্রবার বেসরকারি ইস্টার্ন ব্যাংকের বেশ কিছু এটিএম কার্ডধারী গ্রাহকের হিসাব থেকে টাকা তুলে নেওয়ার ঘটনা ঘটে। ইস্টার্ন ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান জিয়াউল করিম গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তাতে অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করে আমাদের কার্ডধারী কিছু গ্রাহকের টাকা তুলে নেওয়া হয়েছে। তবে কত গ্রাহকের কত টাকা তুলে নেওয়া হয়েছে তা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। যেহেতু অন্য ব্যাংকের বুথ ব্যবহার করে এ ঘটনা ঘটানো হয়েছে তাই ইস্টার্ন ব্যাংকের কার্ড ব্যবহার করে অন্য ব্যাংকের বুথ থেকে টাকা তোলার সুযোগটি বন্ধ রাখা হয়েছে।’
জিয়াউল করিম আরও জানান, বিভিন্ন ব্যাংকের সঙ্গে সমন্বয় করে পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই ইস্টার্ন ব্যাংকের পক্ষ থেকে ঘটনা সম্পর্কে সংবাদমাধ্যমকে জানানো হবে।
এদিকে, গ্রাহকের ক্ষতিপূরণের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, ‘গ্রাহকস্বার্থকেই আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি। এ ক্ষেত্রে গ্রাহকদের ক্ষতিপূরণের বিষয়েও বাংলাদেশ ব্যাংক যথাযথ পদক্ষেপ নেবে।’