ব্যাংকের ব্যবস্থাপক লাঞ্ছিত, কৃষিঋণ কার্যক্রম বন্ধ
মেহেরপুরের গাংনী পৌরসভার মেয়র আহম্মদ আলীর হাতে গত ২৮ জুলাই কৃষি ব্যাংক গাংনী উপজেলা শাখার ব্যবস্থাপক ইমারত হোসেন লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনার পর ব্যাংকের ব্যবস্থাপকসহ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী নিরাপত্তাহীনতার কারণে তিন দিন ধরে অফিসে যাওয়া বন্ধ করে দিয়েছেন। একই কারণে ব্যাংকের কৃষিঋণ-কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকের ঊর্ধ্বতন সহকারী মুখ্য কর্মকর্তা (এএসপিও, ম্যানেজার) ইমারত আলী বলেন, ‘পৌর মেয়রের সুপারিশ করা এক যুবককে অনিয়মের কারণে কৃষিঋণ দিতে অনীহা প্রকাশ করায় তিনি ব্যাংকের ভেতরে ঢুকে আমাকে মারধর করেন। জোর করে আমাকে পৌর ভবনে নিয়ে মেয়রের কক্ষে দ্বিতীয় দফা আমার ওপর নির্যাতন চালানো হয়। ব্যাংকের কাজে যোগ দিলে মেয়র আবার মারধর করবে বলে হুমকি দিয়েছেন। তাই অন্যত্র বদলি না হওয়া পর্যন্ত কাজে যোগ দেব না।’জানা গেছে, এ ঘটনার প্রতিবাদে রোববার থেকে ব্যাংকের ঋণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকেই নিরাপত্তা আতঙ্কে ছুটি নিয়ে ১ আগস্ট থেকে ব্যাংকে যাওয়া বন্ধ করে দিয়েছেন।মেয়র আহম্মদ আলী বলেন, ‘ইমারত আলী আওয়ামী লীগের কর্মীদের ঋণ দিতে চায় না। এ ক্ষেত্রে সব সময় মিথ্যা অজুহাত সৃষ্টি করে। সে রাজাকার। তাই মারধর নয়, তাকে হালকা হেনস্তা করা হয়েছে।’ মেহেরপুর কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক গান্ধী কুমার রায় বলেন, বিষয়টি কেন্দ্রীয় সম্মেলনে তুলে ধরা হয়েছে। এখন কেন্দ্রীয় কর্মকর্তারা এ ব্যাপারে ব্যবস্থা নেবেন।