ব্যাংকের ভল্ট ভেঙে ৭৭ লাখ টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝলকাঠিতে ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে ৭৭ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে শহরের আড়তদারপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় ব্যাংকের প্রহরী শামসুল হককে উদ্ধার করেছে পুলিশ।ইসলামী ব্যাংকের ঝালকাঠি শাখার ব্যবস্থাপক মো. সরোয়ার হোসাইন গতকাল বুধবার প্রথম আলোকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় ব্যাংকের সব কটি ফটক তালাবদ্ধ করে প্রহরী শামসুলের কাছে চাবি বুঝিয়ে দিয়ে তিনি বাসায় যান। সকালে ব্যাংকের ঝাড়ুদার রেনু বেগম ও পরিচ্ছন্নতাকর্মী রিয়াজ আহমেঞ্চদ শামসুলকে ব্যাংক ভবনের চতুর্থ তলার ভাড়াটের ফ্ল্যাটের শৌচাগারে অচেতন অবস্থায় খুঁজে পান। পরে খবর পেয়ে ব্যাংকের কর্মকর্তারা ও পুলিশ ঘটনাস্থলে যান। দ্বিতীয় তলায় গিয়ে ভল্ট ভাঙা পাওয়া যায়।ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম হারুন অর রশীদ বলেন, দুর্বৃত্তরা ব্যাংকের ভল্ট ভেঙে ৭৭ লাখ ২১ হাজার টাকা নিয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ব্যাংক ভবনের চতুর্থ তলায় ভাড়াটে হিসেবে আস্তানা গেড়েছিল। তারা ব্যাংকের সিসিটিভি ও যন্ত্রাংশও নিয়ে গেছে।ভবন মালিকের বড় ছেলে আরিফুর রহমান জানান, হামিদুর রহমান নামের এক ব্যক্তি চলতি মাসের প্রথম দিকে নিজেকে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী পরিচয় দিয়ে চারতলার ফ্ল্যাটটি ভাড়া নেন। ঘটনার পর থেকে ওই ভাড়াটে সপরিবারে পলাতক রয়েছেন।পুলিশ সুপার মো. মজীদ আলী বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। উদ্ধারের পর প্রহরী শামসুলকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।