ব্যাংকের ভল্টকক্ষের দরজার চাপায় শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় রূপালী ব্যাংকের গোলড়া শাখা কার্যালয়ের ভল্টকক্ষের (টাকা রাখার কক্ষ) লোহার দরজার নিচে চাপা পড়ে গতকাল রোববার দুপুরে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক শ্রমিক আহত হয়েছেন।

নিহত শ্রমিকের নাম আরিফ হোসেন (২৮)। তিনি জেলার ঘিওর উপজেলার ছোট বিলনালাই গ্রামের ফাইজুদ্দিন মিয়ার ছেলে। আহত শ্রমিক মোশারফ হোসেনকে (২৭) ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি পাবনার আটঘরিয়া উপজেলায়।

রূপালী ব্যাংকের গোলড়া শাখা কার্যালয়ের ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, ব্যাংকের কার্যালয়ে ভবনের সংস্কারকাজ চলছে। গতকাল ব্যাংকের টাকা রাখার কক্ষের (ভল্টকক্ষ) সংস্কারকাজ শুরু করা হয়। পাঁচজন নির্মাণশ্রমিক এই কাজ করেন। দুপুর সাড়ে ১২টার দিকে ভল্টকক্ষের লোহার দরজা সরাতে গিয়ে এর নিচে চাপা পড়েন আরিফ ও মোশারফ। গুরুতর আহত অবস্থায় আরিফকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত মোশারফ ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে স্থানীয় গোলড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নান্নু মণ্ডল বলেন, খবর পেয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ বলেন, নিহত শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

টঙ্গীতে কিশোরের লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি জানান,গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় গতকাল রোববার সকালে তুরাগ নদ থেকে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।

মারা যাওয়া কিশোর লালমনিরহাটের কালীগঞ্জ থানার গুড়াল এলাকার আবদুল কুদ্দুছ মিয়ার ছেলে রাকিব মিয়া (১৪)।

রাকিবের পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাকিব মিয়া তার পরিবারের সঙ্গে গাজীপুরের টঙ্গীর কামারপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকত। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে টঙ্গী সড়ক ব্রিজ থেকে রাকিব তুরাগ নদে পড়ে পানিতে ডুবে যায়। পরে তুরাগ নদের ওই স্থানে অনেক খোঁজাখুঁজি করেও ব্যর্থ হয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরিরা ওই দিন রাতেই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। অভিযান চালিয়ে রোববার সকাল সাড়ে ১০টার দিকে তুরাগ নদ থেকে মৃতদেহটি উদ্ধার করে। পরে তা পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি মো. জহির উদ্দিন জানান, সারা রাত অভিযান চালিয়ে গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাকিবের লাশ উদ্ধার করা হয়। পরে সেটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।