ব্যাংকের ভেতরে ও বাইরে সিসি ক্যামেরা বসানোর পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকের ভেতরে ও বাইরে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসানোর পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল জলিল মণ্ডল। গতকাল সোমবার বিকেলে পুলিশ কমিশনারের সম্মেলনকক্ষে সরকারি-বেসরকারি ৪১টি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ পরামর্শ দেন।
গত বৃহস্পতিবার গভীর রাতে আল আরাফাহ ইসলামী ব্যাংকের মুরাদপুর শাখার ভেতরে নিরাপত্তারক্ষী ইব্রাহিম খলিলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এর আগের দিন রাতে হাটহাজারীর কুয়াইশে অগ্রণী ব্যাংকে ডাকাতির চেষ্টা হয়।
সভা শেষে পুলিশ কমিশনার সাংবাদিকদের জানান, ব্যাংকের ভল্টের ভেতর ক্যামেরা স্থাপন, নিরাপত্তারক্ষীদের নিয়োগের আগে যাচাই-বাছাই করা, তাঁদের অস্ত্র চালনা ও প্রশিক্ষণে পুলিশের সাহায্য নেওয়া, ছুটির দিনগুলোতে নিরাপত্তারক্ষীরা ঠিকভাবে কাজ করছে কি না, তা পর্যবেক্ষণ করার জন্য সভায় ব্যাংক কর্মকর্তাদের বলা হয়েছে।
সভায় নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার, নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার কুসুম দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।